বিজিএমইএ ভবন ভেঙ্গে ফেলার রায়ের বিরুদ্ধে আপিল
প্রকাশ : ২৩ মে ২০১৩, ২২:৪৭
৯০ দিনের মধ্যে রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবন ভেঙ্গে ফেলা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়েছে। গত ২১ মে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়। এ প্রসঙ্গে বিজিএমইএ’র কৌঁসুলি ব্যারিস্টার রফিক-উল হক সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছে। আদালত খুললে শুনানির উদ্যোগ নেয়া হবে।
২০১১ সালের ৩ এপ্রিল বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের ডিভিশন বেঞ্চ বিজিএমইএ ভবন অবৈধ ঘোষণা করে রায় দেয়। রায়ে বলা হয়, বিজিএমইএ ভবনটি সৌন্দর্যমন্ডিত হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো। এই ধ্বংসাত্মক ভবন অচিরেই বিনষ্ট করা না হলে এটা শুধু হাতিরঝিল নয়, গোটা ঢাকা শহরকে সংক্রমিত করবে। কাজেই সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের ওপর নির্দেশ হলো, ভবনটি ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলে ওই জমি জনকল্যাণে ব্যবহার করতে হবে। রায়ে আরো বলা হয়, আর্থিক পেশিশক্তির অধিকারী বলে শক্তিশালী একটি মহলকে ‘আইনের ঊর্ধ্বে রাখতে হবে’ এমন যুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে বিজিএমইএ’র আইনের প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল হওয়া বাঞ্ছনীয় ছিল। তারা তা না করে আইনকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে।
বিজিএমইএ’র এক আবেদনের প্রেক্ষিতে ওই বছরের ৫ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয়। বর্তমানে এ স্থগিতাদেশ বহাল রয়েছে। গত ১৯ মার্চ হাইকোর্টের পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ পায়। রায় প্রকাশের ৬০ দিনের মধ্যে লিভ টু আপিল করল বিজিএমইএ।