সাভারে গার্মেন্টস শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২৫

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে গতকাল বৃহস্পতিবার গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শ্রমিকরা কারখানাগুলোতে ভাংচুর করার পর অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা করা হয়। বুধবার সরকারের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাষ পাওয়ার পর এসব কারখানায় কাজ শুরু হয়েছিল। কিন্তু গতকাল সকালে পূর্ব নরসিংহপুর এলাকায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর চালায়। পরবর্তীতে তা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ডিজাইন জিন্স নামে বন্ধ একটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ দেখে বিক্ষোভে ফেটে পড়ে। তারা টঙ্গি-আশুলিয়া সড়কে অবস্থান নেয়। এ সময় পাশের এনভয় গ্রুপের শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়। এরপর একে একে আশপাশের বিভিন্ন কারখানায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার বাইরে এসে টঙ্গি-আশুলিয়া সড়কে অবস্থান নেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে কারখানা ভাংচুরের চেষ্টা চালায়। পুলিশ এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরে দুপুরের দিকে ভারি বৃষ্টি শুরু হলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিজিএমইএর সাবেক সভাপতি এনভয় গ্রুপের কর্ণধার সালাম মুর্শেদী বলেন, এ বিক্ষোভ ও ভাংচুরের সঙ্গে বহিরাগতরা জড়িত ছিল। অনেকের হাতেই দেখা গেছে হাতুরি ও হ্যামার। শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের সাধ্য মতো কারখানাগুলোতে নিরাপত্তা দেয়ার চেষ্টা করেছি। কিন্তু বিক্ষোভ গোটা এলাকায় ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।