পর্বতারোহী সজলের মরদেহ আনতে নেপালে স্বজনেরা

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে নেমে আসার সময় নিহত পর্বতারোহী সজল খালেদের মরদেহ দেশে আনতে নেপাল গেছেন স্বজনেরা। গতকাল বিকালে সজলের দুই বন্ধু মো. রিয়াজ আহমেদ ও মীর শামসলু আলাম নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নিদের্শনা অনুযায়ী দেশ ছাড়েন। সজল খালেদের পরিবারের পক্ষে এই তথ্য জানান তার বড় ভাই মো, সাখাওয়াত্ হোসেন। গতকাল তিনি ইত্তেফাককে বলেন, ভাইয়ের মরদেহ আনার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাদের জানান, সজলের মরদেহ দেশে আনা তার দায়িত্ব। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা জানান, প্রধানমন্ত্রীর সাথে তাদের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে যোগাযোগ হয়। এদিকে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, পররাষ্ট্রমন্ত্রণালয়ের নিদের্শনা অনুযায়ী মৃতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। নেপালে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব খান মোহাম্মদ মঈনুল হোসেন টেলিফোনে ইত্তেফাককে বলেন, সেভেন সামিট ট্রেকস ও হিমালয়ান গাইড যৌথভাবে সজল খালিদের অভিযান পরিচালনা করছিল। তাদের সাথে কথা হয়েছে। তাদের মতে, দশজনের একটি শেরপাদল নিয়োগ করতে হবে। সজলের স্বজন নেপালে পৌঁছলে আজ তাদের সাথে বৈঠক হবে এবং আগামীকাল থেকে মরদেহ নামানোর অভিযান শুরু হবে। যেহেতু সজলের মরদেহ একেবারে এভারেস্ট চূড়ার কাছাকাছি সাউথ কোলের ওপরে আনুমানিক আট হাজার ৭০০ মিটার, তাই সেখান থেকে কিছুদূর পর্যন্ত শেরপাদেরই নামাতে হবে। পরে হেলিকপ্টার ব্যবহার করা হবে। গত সোমবার সকালে মাউন্ট এভারেস্ট জয় করে নেমে আসার সময় উচ্চতাজনিত অসুস্থতায় নিহত হন সজল।