গ্যাসের উত্পাদন বৃদ্ধি অপরিহার্য
প্রকাশ : ২৪ মে ২০১৩, ১৫:৪৭
কয়লা ও পেট্রোলিয়ামের মতো প্রাকৃতিক গ্যাসও একটি জীবাশ্ম জ্বালানি। এটিরও উত্পত্তি জীবের ধ্বংসাবশেষ থেকে। এই প্রাকৃতিক সম্পদটিরও অবস্থান ভূপৃষ্ঠের নিচে ও সমুদ্রের তলদেশে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) পরিসংখ্যান অনুযায়ী ২০১১ সালে বিশ্বে গ্যাসের নিশ্চিত ও সম্ভাব্য মজুদ ছিল ১৮ হাজার ৪৫ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে নিশ্চিত মজুদ ৬ হাজার ৭০৭ ট্রিলিয়ন ঘনফুট। এ রিজার্ভের প্রায় ৭২ শতাংশ আছে ভূমির নিচে। অবশিষ্ট ২৮ শতাংশ সমুদ্রের তলদেশে আছে। গ্যাসের বর্তমান ব্যবহার অনুযায়ী এ মজুদ দিয়ে আরো প্রায় দেড়শ’ বছর চলা যাবে। তবে এ সম্পদের ভাগীদার হওয়া এবং উত্তোলন ও সরবরাহের ক্ষেত্রে বেশকিছু কঠিন চ্যালেঞ্জ আছে। গ্যাসের মজুদের ক্ষেত্রে বৈচিত্র্য আছে। কোথাও দেখা যায় প্রাকৃতিক এ সম্পদের মজুদ ভূ-পৃষ্ঠের ২০০ মিটার গভীরে আছে। আবার কোথাও তা ১০ থেকে ১২ কিলোমিটার মাটির নিচে। ভূতাত্ত্বিকদের মতে, সাধারণভাবে তিন কিলোমিটার মাটির নিচ পর্যন্ত মজুদ থেকে গ্যাস উত্তোলন অর্থনৈতিকভাবে লাভজনক হয়। তবে বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ৬ কিলোমিটার মাটির গভীর পর্যন্ত গ্যাস উত্তোলন করা যায়।
বিশ্বের প্রায় সব দেশেই গ্যাসের মজুদ আছে। কিন্তু ভাগ্যবান তারাই যাদের মজুদ তিন কিলোমিটার গভীরের মধ্যে আছে। বাংলাদেশ এর মধ্যে অন্যতম। যদিও দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টসবুকের তালিকা অনুযায়ী গ্যাসের নিশ্চিত মজুদের পরিমাণের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৪৭তম। ১ হাজার ৬৮০ ট্রিলিয়ন ঘনফুট মজুদ নিয়ে তালিকার শীর্ষে আছে রাশিয়া। তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইরান। দেশটির মজুদের পরিমাণ ১ হাজার ৪৬ ট্রিলিয়ন ঘনফুট। অন্যান্য দেশের মজুদ তাদের ধারে-কাছেও নেই। ইআইএ’র তথ্য অনুযাযী ২০১১ সালে বাংলাদেশে গ্যাসের নিশ্চিত মজুদ ছিল ৬ দশমিক ৯ ট্রিলিয়ন ঘনফুট। যদিও বাংলাদেশের নিজস্ব জরীপ অনুযায়ী দেশে এ পর্যন্ত আবিষ্কৃত ২৫টি গ্যাসক্ষেত্রে মজুদ অবশিষ্ট আছে প্রায় ১৭ ট্রিলিয়ন ঘনফুট। ষাটের দশক থেকে গ্যাস উত্তোলন শুরু হলেও নব্বইয়ের দশক থেকে উত্তোলন দ্রুত বাড়তে থাকে। ইতোমধ্যেই বাখরাবাদসহ কয়েকটি গ্যাসক্ষেত্রে মজুদ কমে এসেছে। বর্তমানে ১৯টি গ্যাসক্ষেত্রে স্থাপিত ৮৪টি গ্যাসকূপ থেকে প্রতিদিন ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দাবী যে তাদের গ্যাস উত্তোলন-সামর্থ্য আরো বেশী। বিভিন্ন স্তরে কিছু চ্যালেঞ্জ থাকায় তা সম্ভব হচ্ছে না। সরবরাহকৃত এ গ্যাস দেশের মোট জ্বালানি চাহিদার ৭৫ শতাংশ পূরণ করছে। এর মধ্যে বিদ্যুত্ উত্পাদনে ৪২ শতাংশ, শিল্প-কারাখানায় ১৭ শতাংশ, ক্যাপটিভ বিদ্যুত্ উত্পাদনে ১৬ শতাংশ, বাসা-বাড়ীতে ১২ শতাংশ, সার উত্পাদনে ৭ শতাংশ, সিএনজিতে ৫ শতাংশ এবং বাণিজ্যিকভাবে ১ শতাংশ গ্যাস ব্যবহূত হচ্ছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে সাথে প্রতিটি খাতেই গ্যাসের চাহিদা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, গ্যাসের বর্তমান মজুদ দিয়ে আরো ১৫ বছর চলবে। কিন্তু সমস্যা হচ্ছে উত্তোলন নিয়ে। গ্যাস অনুসন্ধান ও উত্তোলন অনেক ব্যয়সাপেক্ষ। বাংলাদেশের পক্ষে এত বড় ব্যয় সহজ নয়। তদুপরি এতে একটি বড় চ্যালেঞ্জ আছে। কোনো গ্যাসক্ষেত্রে ৫০০ কোটি টাকা খরচ করে একটি কূপ খনন করে দেখা গেল যে গ্যাস নেই বা উত্তোলনযোগ্য নয়। তখন পুরো ব্যয়টাই অনর্থ হয়। যেমনটা হয়েছে সুনামগঞ্জ-নেত্রকোনা অঞ্চলে সুনেত্র গ্যাসক্ষেত্রে। শত শত কোটি টাকা ব্যয় করে কূপ খনন করে ফলাফল শূন্য। বিদেশী কোম্পানীগুলো নিশ্চিত ব্লকগুলোতেই গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে আগ্রহ দেখায়। ফলে নতুন গ্যাসক্ষেত্রগুলো থেকে প্রত্যাশা অনুযায়ী গ্যাস উত্তোলন করা যাচ্ছে না। মায়ানমারের সাথে সমুদ্রসীমা সংক্রান্ত আন্তর্জাতিক আদালতে জয়লাভের ফলে পূর্ব বঙ্গোপসাগরের ১ লক্ষ ১১ হাজার বর্গকিলোমিটার এলাকায় বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে এ বিশাল এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের পথ উন্মুক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এখানে তেল-গ্যাস পাওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। সরকার ইতোমধ্যেই অগভীর সমুদ্রাঞ্চলের নয়টি ব্লক এবং গভীর সমুদ্রাঞ্চলের তিনটি ব্লকসহ মোট ১২টি ব্লক অন্তর্ভুক্ত করে বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড চূড়ান্তভাবে ঘোষণা করেছে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।
এমনি পটভূমিতে নাগরিক সুবিধা লাভে আকাঙ্ক্ষিত জনগণের জন্য এটি একটি স্বস্তির সংবাদ যে সরকার আবাসিক বাসা-বাড়ীতে নতুন গ্যাস সংযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুই বছর ১০ মাস পর সাধারণ গ্রাহকরা সাশ্রয়ী ও ঝামেলামুক্ত এই জ্বালানি ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন। তবে নতুন গ্রাহকদের গ্যাস সংযোগ পেতে আরো অপেক্ষা করতে হবে। প্রথমে পাবেন ভুয়া সংযোগপ্রাপ্তরা যারা বিতরণ কোম্পানীগুলোর দুর্নীতিগ্রস্ত লোকজনের সাথে অবৈধ লেনদেনের মাধ্যমে সংযোগ নিয়েছিলেন। জরিমানা আদায় করে তাদের সংযোগ বৈধ করা হবে। তারপর পাবেন যাদের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তারা। এরপর পাবেন যারা ইতোমধ্যেই ডিমান্ড নোটের টাকা জমা দিয়েছেন তারা। এছাড়া একেবারে নতুন আবেদনকারীরাও সংযোগ পেতে পারেন যদি পেট্রোবাংলা আরো গ্যাস সরবরাহ করার সামর্থ্য আছে বলে মনে করে। তবে আপাতত যেসব স্থানে গ্যাসলাইন আছে শুধু সেখানেই নতুন সংযোগ দেয়া হবে। পেট্রোবাংলা অনেকদিন ধরেই নতুন গ্যাস সংযোগ দেয়ার পক্ষে ছিল। তাদের যুক্তি হচ্ছে, বর্তমান সরকারের সময়ে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার, নতুন কূন খনন, কমপ্রেসার স্থাপন, বিভিন্ন কূপের সংস্কার ও সরবরাহ ব্যবস্থার উন্নতির মাধ্যমে গ্যাস উত্পাদন দৈনিক ৫০০ মিলিয়ন ঘনফুট বেড়েছে। বিদ্যুত্ ও সার উত্পাদনের জন্য গ্যাস সরবরাহ বাড়ানো হয়েছে। এরপরও গ্রাহকদের গ্যাস সংযোগ দেয়া সম্ভব। তাদের আরেকটি বড় যুক্তি হচ্ছে, সরকারিভাবে সংযোগ নেয়া বন্ধ থাকলেও দুর্নীতিবাজদের সহায়তায় অবৈধ সংযোগ দেয়া অব্যাহত আছে। আবার বৈধ সংযোগে আধা ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে গ্যাস সরবরাহের চুক্তি থাকলেও গ্যাস নিচ্ছে আরো মোটা পাইপ দিয়ে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। গোপনে সংযোগ দেয়া বন্ধ করতে একটি রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের দেয়া নিষেধাজ্ঞা গত মাসে প্রত্যাহার করা হয়। এতে পেট্রোবাংলার যুক্তি গ্রহণের পথ উন্মুক্ত হয়। এর ফলে হাউজিং ব্যবসা যে মারাত্মক হুমকির মুখে পড়েছিল তা থেকে রেহাই পাবে। গত তিন বছর ধরে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহর-নগরে হাজার হাজার ফ্ল্যাট নির্মিত হয়েছে। কিন্তু গ্যাস সংযোগের অভাবে ফ্ল্যাট বিক্রি ও ভাড়া দেয়া কঠিন হয়ে পড়েছিল। অনেক পরিবার সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে। কিন্তু সিলিন্ডারের সরবরাহ কম থাকায় গ্রাহকদেরকে স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ গুণ বেশী ব্যয় করতে হয়। সরকার নতুন সংযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ায় এমন অনেক গ্রাহকেরই ভোগান্তি দূর হবে।
বর্তমান সরকার ২০০৯-এর জানুয়ারিতে ক্ষমতায় আসে। তখন দেশে বিদ্যুত্ ও গ্যাসের চরম ঘাটতি বিরাজ করছিল। লোডশেডিং-এ জনজীবন বিপর্যস্ত ছিল। সকালের পর থেকেই বাসা-বাড়ীতে গ্যাস থাকতো না। শিল্প-কারখানায় গ্যাসের চাপ কমে যেতো। এতে উত্পাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ অবস্থা সামাল দিতে সরকার ২০০৯ সালের অক্টোবরে সিলেট ছাড়া দেশের সর্বত্র নতুন শিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগ বন্ধ করে দেয়। বিদ্যুত্ ও গ্যাস উত্পাদন বাড়ানোর ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন শুরু করে। ইতোমধ্যে প্রায় ৪ হাজার মেগাওয়াট ক্ষমতার ৫৭টি বিদ্যুত্ কেন্দ্র নির্মিত হয়েছে। বিদ্যুত্ সরবরাহে ব্যাপক উন্নতি হয়েছে। প্রায় ৩০ লক্ষ নতুন গ্রাহককে বিদ্যুত্ সংযোগ দিয়েছে। এখন লোডশেডিং নেই বললেই চলে। গ্যাস উত্পাদন বাড়ানো অপেক্ষাকৃত কঠিন। তারপরও সরকার গ্যাস উত্পাদন ও সরবরাহ ব্যবস্থায় বেশ উন্নতি করেছে। দেশব্যাপী ৩৫৬ কিলোমিটার গ্যাস সরবরাহ পাইপলাইন এবং ৮৪৫ কিলোমিটার বিতরণ পাইপলাইন নির্মাণ করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহ নির্বিঘ্ন করতে পৃথক বিতরণ কোম্পানী গঠন করেছে।
চট্টগ্রাম অঞ্চলের জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী, উত্তর ও পশ্চিমাঞ্চলের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী গঠন করে। হবিগঞ্জের রশিদপুরে একটি কম্প্রেসর স্টেশন স্থাপন করেছে। আশুগঞ্জ ও এলেঙ্গাতে আরো দুইটি কম্প্রেসর স্টেশন নির্মাণ করা হচ্ছে। এর ফলে দেশব্যাপী গ্যাস সরবরাহ ব্যবস্থায় উন্নতি হয়েছে। নোয়াখালীর সুন্দলপুর, বান্দরবানের সেমুতাং ও কুমিল্লার সালদা নদী গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের মাধ্যমে গ্যাস উত্তোলন শুরু করেছে। ২০১২ সালের জুলাই থেকে সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দিচ্ছে। এ প্রক্রিয়া এখনও অব্যাহত আছে। দেশের একমাত্র তেল-গ্যাস অনুসন্ধান ও উত্পাদনকারী প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করেছে। বাপেক্ষ ত্রি-মাত্রিক জরীপ করার সামর্থ্য অর্জন করেছে। নিজস্ব লোকবল দিয়ে জরীপের ভিত্তিতে বিভিন্ন গ্যাস ক্ষেত্রে ৩০টি নতুন কূপ খনন করেছে।
জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা-সমালোচনা তীব্র হওয়ার পর থেকে গ্যাসের প্রয়োজনীয়তা আরো বেড়েছে। কারণ কয়লা ও তরল জ্বালানি থেকে জ্বালানিশক্তি আহরণ করতে গিয়ে যে পরিমাণ কার্বন নির্গত হয়, গ্যাস থেকে সমপরিমাণ শক্তি সংগ্রহে অর্ধেক কার্বন নিঃসরণ হয়। জ্বালানি হিসেবে গ্যাসের নিয়ন্ত্রণ সহজতর। সোলারসহ নবায়নযোগ্য জ্বালানি উত্পাদনে প্রাথমিক ব্যয় অনেক বেশী হওয়ায় এখন পর্যন্ত গ্রাহকদের কাছে গ্যাসই সবচেয়ে পছন্দের জ্বালানি। তাই এর ব্যবহার বাড়ছে। যুক্তরাষ্ট্রে মোট জ্বালানির ২৪ শতাংশ সরবরাহ করা হয় গ্যাস থেকে। তেলের মতো গ্যাস পরিবহন সহজ নয় বিধায় অনেক দেশই গ্যাস আমদানির সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। সাম্প্রতিককালে অনেক দেশ তরলীকৃত গ্যাস রপ্তানি শুরু করেছে। আবার রাশিয়া, ইরান, মায়ানমারসহ কয়েকটি দেশ পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানির উদ্যোগ নিয়েছে। বাংলাদেশেও ২০০০ সালের পর গ্যাস রপ্তানির কথা উঠেছিল। তখন বলা হয়েছিল দেশ গ্যাসের ওপর ভাসছে। তাই এই অমূল্য সম্পদ মাটির নীচে ফেলে না রেখে রপ্তানি করে অর্থনীতিকে দ্রুত এগিয়ে নেয়া ভাল। এটি যে বহুজাতিক গ্যাস কোম্পানীগুলোর একটি চাল তা বুঝতে জনগণকে ২০০৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়। তখন গ্যাসের অভাবে বিদ্যুত্ কারখানাগুলোতে উত্পাদন বন্ধ হয়ে যায়। সার কারখানাগুলো হয় বন্ধ হয়েছে, নয় উত্পাদন কমাতে বাধ্য হয়েছে। আমদানি করে সার উত্পাদনে ঘাটতি মেটানো হলেও বিদ্যুতের ঘাটতি মেটানো যায়নি। বরং দিনে দিনে ঘাটতি বেড়েছে। গ্যাস উত্পাদন বাড়ানোর লক্ষ্যে কার্যকর কোনো উদ্যোগ না নেয়ায় সরবরাহ বাড়েনি।
ছোট অর্থনীতির পক্ষে সীমাহীন তরল জ্বালানি আমদানি করা সম্ভব নয়। উত্তরাঞ্চলের কয়লা উত্তোলন নিয়ে মতভেদ সহসা দূর হচ্ছে না। জ্বালানির উত্স হিসেবে গ্যাসই বাংলাদেশের প্রধান ভরসা। তাই আবিষ্কৃত গ্যাসক্ষেত্রগুলোতে নতুন কূপ খননের মাধ্যমে গ্যাস উত্পাদন বাড়ানোর উদ্যোগ নিতে হবে। অপচয় রোধে গ্যাস সরবরাহকে আরো স্বচ্ছতা ও জবাবদিহির আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে গ্রাহকদের দায়িত্বও কম নয়। সর্বক্ষেত্রে সততা প্রতিষ্ঠা করতে হবে। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার ও গ্যাস উত্তোলন একটি দীর্ঘমেয়াদী কর্মযজ্ঞ হলেও বিডিং প্রসেস ও চুক্তি সম্পাদন প্রক্রিয়া ত্বরান্বিত করার মাধ্যমে এ সময় কমিয়ে আনা যেতে পারে। এজন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে নিবিড় সমন্বয় নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠিত বহুজাতিক তেল-গ্যাস কোম্পানীগুলোকে বিডিং-এ অংশগ্রহণে আগ্রহী করার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে।