ছাত্র ঋণ

যুক্তরাষ্ট্রের অসংখ্য মানুষ বিপাকে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির বাসিন্দা শেন গিল। বয়স ৩৩, পেশায় হাই স্কুল শিক্ষক। নিজস্ব বাড়ি নেই; বাঁধা হয়নি কারো সঙ্গে গাঁটছড়া। এবং তিনি ব্যতিক্রম নন। শেন গিল তার প্রজন্মের লক্ষ লক্ষ মানুষের মতোই বড় ধরনের কোনো কিছু কেনা ও সিদ্ধান্ত নেয়া থেকে নিজেকে বিরত রেখেছেন। এর কারণ একটাই, ঋণ। শেন গিলের ছাত্র ঋণ রয়েছে ৪৫ হাজার ডলার; তার বাবার ঋণ রয়েছে আরো ৪০ হাজার ডলার। উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার বিনিয়োগের চিন্তাটা যথাযথই ছিলো। নইলে এখন ভালো বেতন ও সুবিধার চাকরিটি করতে পারতেন না। কিন্তু তা সত্ত্বেও প্রচণ্ড মানসিক চাপে রয়েছেন তিনি। নিজের ও বাবার ঋণ পরিশোধের চিন্তা তাকে কুঁরে কুঁরে খাচ্ছে। নিশ্চিত করে বলতে পারেন না কবে তার সব ঋণ পরিশোধ হবে। বিয়ে করলে এবং সন্তান নিলে কী হবে? এ প্রশ্নের উত্তর খুঁজে পান না শেন গিল এবং ভাবতে গেলে অস্থির হয়ে পড়েন। ঋণের কিস্তি পরিশোধের পর হাতে যা থাকে, তা দিয়ে তার একার চলে কোনোমতে। অতএব দু’-তিনজনের সংসার চালাবেন কীভাবে। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক এক গবেষণায় দেখিয়েছে, ছাত্র ঋণ গ্রহণ করা ৩০ বছর বয়স্কদের ছাত্র ঋণ না নেয়া সমবয়সীদের তুলনায় বাড়ি বন্ধকের মতো ঋণ গুলো নেয়ার সম্ভাবনা অনেক কম। যদিও ঋণ নিয়ে উচ্চ শিক্ষা অর্জন করায় তারা জীবদ্দশায় ওদের চেয়ে ভালো আয়ের প্রত্যাশা করতে পারে। ওয়াশিংটন-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান নিউ আমেরিকা ফাউন্ডেশনের শিক্ষা নীতি কর্মসূচীর পরিচালক কেভিন কেরে এ প্রসঙ্গে বলেছেন, ‘দুর্ঘটনাবশতই নতুন এই পরীক্ষা-নিরীক্ষায় জড়িত হয়েছিলাম আমরা। ছাত্র ঋণ থাকলে পেশাগত জীবন শূন্য থেকে শুরুরও সুযোগ পায় না, শুরুটা হয় মাইনাস অবস্থায়। বর্তমান পরিস্থিতিতে এই মাইনাস চিহ্নের মানসিক প্রভাব বিশাল। আরো ঝুঁকি নেযার ব্যাপারে একজন ব্যক্তিকে অনুত্সাহিত করে।’ বিশ্লেষকরা বলছেন, দুর্বল অর্থনীতি ও ছাত্র ঋণ পরিশোধের কঠিন নিয়মের কারণেই আসলে এমনটি হচ্ছে। লক্ষ লক্ষ লোক ছাত্র ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়েই ক্লান্ত হয়ে পড়ছে। অধিক ব্যয়বহুল জিনিস কেনা তো দূরের কথা, কাপড় কেনা এবং রেস্টুরেন্টে খেতে গিয়েও তারা বারবার পকেটের চিন্তা করে। দুর্বল চাকরির বাজার পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ভবিষ্যতের কথা চিন্তা করে সঙ্গতি না থাকা ছাত্ররা বাধ্য হয়েই ঋণ গ্রহণ করছে। যদিও চাকরিতে প্রবেশের পর দেখছে পূর্বসুরীদের চেয়ে বেতন কম। ২০১০ সালের তুলনায় প্রকৃত আয় কমেছে ১৫ শতাংশ। পিউ রিসার্চ সেন্টারের হিসেব অনুযায়ী, ২০১০ সালে যুক্তরাষ্ট্রে অনূর্ধ্ব-৩৫ বছর বয়সীদের মাঝে কোনো প্রকার ঋণ নেই এমন লোকদের চেয়ে ঋণগ্রস্ত লোকদের সংখ্যাটা প্রায় দ্বিগুণ। তার মানে এই কয়েক বছরে ঋণগ্রহণকারী লোকের সংখ্যা বেড়েছে নাটকীয়ভাবে। আর এ কথা বলার প্রয়োজন পড়ে না যে, বেশিরভাগের ঋণই ছাত্র ঋণ। অথচ ২০১০ সালেও এ অনুপাত ছিলো সমান। ট্রুলিয়ার প্রধার অর্থনীতিবিদ জেড কলকো জানিয়েছেন, প্রচুর ছাত্র ঋণ থাকার কারণেই অনেক লোক বন্ধকী ঋণ পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারছে না; সঞ্চয় করতে পারছে না ডাউন পেমেন্ট দেয়ার জন্য। কেউ কেউ বাড়ি কেরার বাড়ি কেনার সিদ্ধান্ত নিলেও বেছে নিচ্ছে খুব কম দামের বাড়ি। তবে বেশিরভাগই থেকে যাচ্ছেন ভাড়া বাড়িতে। ক্যালিফোর্নিয়া অফ রিয়েলটর্স এর অর্থনীতিবদ সেলমা হেপ মন্তব্য করেছেন, ‘ছাত্র ঋণ তরুণদের ব্যয়ের ধরন পাল্টে দিয়েছে। সবসময় তারা মানসিক চাপের মধ্যে থাকে। যে কারণে বড় ধরনের কোনো কিছু গেলে তারা ভয় পায়।’ তবুও বাড়ছে ঋণ নেয়া ছাত্রের সংখ্যা। মূলত ভালো চাকরির লোভে অগ্রপশ্চাত্ না ভেবেই ছাত্ররা ঋণ নিচ্ছে। এর পেছনে কারণও রয়েছে। যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে উচ্চশিক্ষিতদের কদর বরাবরই বেশি। ইদানীং তা আরো বেড়েছে। একজন কলেজ শিক্ষিত কর্মী হাইস্কুল পাস করা কর্মীর চেয়ে জীবদ্দশায় ৮০ শতাংশ বেশি আয়ের প্রত্যাশা করতে পারে। গত ত্রিশ বছর ধরেই এই ব্যবধান বাড়ছে। বর্তমান অর্থনীতি কলেজ-শিক্ষা ছাড়া কর্মীদেরকেই বেশি শাস্তি দিচ্ছে। তা ছাড়া কম শিক্ষিত লোকেরা বেকারও বেশি। আইএইচএস গ্লোবাল ইনসাইট-এর ক্রিস জি ক্রিস্টোফার ঋণের কারণে তরুণদের এ কেনাকাটা কমে যাওয়াটাকে অর্থনীতির জন্য খারাপ কিছু মনে করছেন না। তার বক্তব্য, ছাত্র ঋণের জন্য ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে তরুণ-তরুণীরা কেনাকাটার ব্যাপারে ধীরে চলো নীতি গ্রহণ করলেও এক পর্যায়ে ঠিকই তারা দামি জিনিস কেনার প্রতি উত্সাহী হয়ে ওঠে। কাজেই সুদূরপ্রসারী চিন্তা করলে বলতেই হয়, ছাত্র ঋণ সবার জন্য সুফল বয়ে আনে। এই মুহূর্তে আপনাকে একটি এ্যাপার্টমেন্টের মালিক বানিয়ে দিলে আপনি কতোটা খুশি হবেন— এ প্রশ্নটা করা করা হয়েছিলো শেন গিলকে। খানিকক্ষণ চিন্তার পর তিনি উত্তর দেন, ‘সবার আগে চাঁদে পা রাখতে পারলে যতোটা খুশি হতাম ঠিক ততোটা।’ এতেই অনুমেয় নিজস্ব বাড়ির জন্য কতোটা লালায়িত তিনি। একদিন তিনি ঠিকই বাড়ির মালিক হবেন; তবে সেজন্য তাকে অপেক্ষা করতে হবে। তার এখনকার প্রধান লক্ষ্য, নিজের ও বাবার ঋণ পরিশোধ।