মাদুর বুনে অভাব থেকে বেরিয়ে আসছে পল্লী বধূরা
এম এ রউফ (রিপন), রানিনগর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ২৪ মে ২০১৩, ১৫:৫২
নওগাঁ জেলার রানিনগর উপজেলার খট্টেশ্বর গ্রামের ভূমিহীন দরিদ্র অসহায় দিনমজুরের স্ত্রী বিউটি বেগমসহ উপজেলার শত শত দরিদ্র পরিবারের গৃহবধূরা মাদুর বুনে কিছুটা সচ্ছল জীবন-যাপন করছে। দুটো হাতকে কাজে লাগিয়ে তারা অভাব থেকে বের হয়ে এসেছেন। দুঃখ-কষ্ট, অভাব-অনটনকে জয় করে পরিবারে ফিরিয়ে এনেছেন সুখ ও স্বাচ্ছন্দ্য।
রানিনগর উপজেলার খট্টেশ্বর গ্রামের বিউটি বেগমের সঙ্গে কথা বললে তিনি জানান, আজ থেকে প্রায় ১৮ বছর আগে এই গ্রামের সরদার পাড়ার ভূমিহীন দরিদ্র দিনমজুর মোয়াজ্জেম হোসেন সরদারের সাথে তার বিয়ে হয়। তখন বয়স ১০/১২ বছর হবে। বিয়ের পর থেকেই পেটের দায়ে স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে মানুষের মাদুর বুনানোর কাজ শুরু করেন। দিনে ৩ থেকে ৪টি ছোট-বড় সাইজের মাদুর বুনাতেন। মাদুর প্রতি ৩ টাকা করে মজুরি পেতেন। স্বামী ভ্যান চালানোর পাশাপাশি মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করতেন। স্বামী-স্ত্রীর স্বল্প আয়ের টাকা দিয়ে খেয়ে না খেয়ে কোন রকমে চলতো তাদের সংসার। অভাব আর অনটনই ছিল তাদের নিত্যসঙ্গী। বাস করতেন ছোট্ট একটি কুঁড়েঘরে।
এভাবেই ৮-১০ বছর চলে যায়। এর মধ্যে ১টি মেয়ে ও ১টি ছেলের মা হন। অভাব-অনটনের মধ্যেও অল্প অল্প করে কিছু টাকা জমা করেন ভবিষ্যতের জন্য। মাত্র ৫০০ টাকা নিয়ে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ বাড়িতে মাদুর বুনানো শুরু করেন বিউটি বেগম। মাদুর বুনিয়ে স্বামীকে দিয়ে হাটে বিক্রি করাতেন। মাদুর বিক্রির লাভের টাকা থেকে সংসারে কিছু খরচ করতেন আর কিছু টাকা জমা করতেন। এভাবে জমানো টাকা দিয়ে ৪/৫ বছর আগে ৪ বিঘা জমি বন্ধক নিয়েছেন। জমির ধানের টাকা আর মাদুর বিক্রির টাকা জমিয়ে আড়াই শতক বাড়ি কিনে নেন। প্রায় ৪ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৩ শতক জায়গার উপর ৪ রুম বিশিষ্ট পাকা বাড়ি নির্মাণ করে সেখানে টিউবওয়েল, ল্যাট্রিন ও রান্নাঘর তৈরি করেন। দুই বছর আগে মেয়ে তারাকে (১৫) ২ লাখ টাকা খরচ করে বিয়ে দিয়েছেন। বর্তমানে তাদের ২ লাখ টাকা দিয়ে দুই বিঘা জমি বন্ধক নেয়া আছে। ছেলে ওমর ফারুক রানিনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে।
বিউটি বেগম ইত্তেফাককে জানান, দু’জন ছাড়া মাদুর বুনানো যায় না। স্বামী, ছেলে-মেয়েদের সহযোগিতায় তিনি মাদুর বুনে থাকেন। স্বামী সকাল ৭টা পর্যন্ত তাকে মাদুর বুনাতে সাহায্য করেন। সকাল ৭টায় কাজে চলে যায়। কাজ থেকে ফিরে আবার সন্ধ্যা থেকে রাত ৮-৯টা পর্যন্ত মাদুর বুনাতে সাহায্য করে। বাকি সময়টা ছেলে-মেয়েদের নিয়ে মাদুর বুনাতেন। মেয়ের বিয়ের পর ছেলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত তাকে মাদুর বুনাতে সাহায্য করে। স্কুল থেকে ফিরে বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলে মাদুর বুনাতে সাহায্য করে। দিনে ৮/১০টি মাদুর বুনান। প্রতি হাটে মাদুর বিক্রি করে ৪ থেকে ৫শ’ টাকা লাভ হয়। সপ্তাহে ২ দিন হাটবার। নিজে মাদুর বুনানো শুরু করার এক বছর পর একটি এনজিও থেকে ৩ হাজার টাকা ঋণ নিয়ে পুঁজি বাড়ানো হয়। মাদুর বিক্রি করে প্রতি সপ্তাহে কিস্তিতে ঋণ পরিশোধ করে আবারো ৫ হাজার টাকা করে ঋণ নেয়। বর্তমানে ৩টি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নেয়া আছে। মাদুর বুনানো পাতির দামের উপর কম-বেশি লাভ নির্ভর করে। এছাড়াও বন পাতি দিয়ে মাদুর বুনালে বেশি লাভ হয়। মাদুর বুনিয়ে অনেক পল্লী বধূরা সংসারে খরচ বহন করছে। গরীব মানুষদের ভাগ্যে সরকারি কোন সুযোগ-সুবিধা ও অনুদান জোটে না। আজ পর্যন্ত তাদের দিকে মেম্বার, চেয়ারম্যানসহ সরকারি লোক কেউই তাদের কোন খোঁজ-খবর নেয়নি। ছেলে ওমর ফারুককে সরকারি চাকরির আশায় লেখাপড়া করাচ্ছেন।
খট্টেশ্বর গ্রামের আরেক পল্লী বধূ মঞ্জুয়ারা (৩৮) জানান, তিনিও দু’টি এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছেন। মাদুর বুনিয়ে প্রতি হাটে ২৫ থেকে ৩০টি মাদুর বিক্রি করেন। প্রতি হাটে ৫ থেকে ৭শ’ টাকা লাভ হয়। এই লাভের টাকা দিয়ে প্রতি সপ্তাহে ঋণের কিস্তি পরিশোধ করেন এবং বাকি টাকা দিয়ে সংসার খরচ চালান। মাদুর বুনিয়ে সংসার খরচ ভালভাবেই চালানো যায়। তাই অনেকেই মাদুর বুনায়। এ গ্রামের বাসিন্দা জবেদ আলী (৫৮) জানায়, তার বাড়িতে তিনটি হাত মেশিনে মাদুর বুনানো হয়। প্রতিদিন সোয়া ২ হাত, আড়াই হাত, ৩ হাত বিভিন্ন সাইজের মাদুর বুনানো হয়। এনজিওগুলো থেকে ঋণ নিয়েই তারা মাদুর বুনান। সরকারি ঋণ পাওয়ার ক্ষেত্রে অনেক ঝামেলা তাই তারা এনজিও থেকেই ঋণ নেন। চৈত্র থেকে আষাঢ় মাস পর্যন্ত পাতির দাম কম থাকে। পাতির কোন সংকট থকে না। লাভও বেশি হয়। এখন পাতির দাম বেশি এবং পাতি ঠিকমতো পাওয়া যায় না। লাভও কম। কারণ মাদুরের দাম একই থাকে। সাইজ অনুসারে ৩৫ টাকা থেকে ১৪০ টাকা পর্যন্ত একটি মাদুর দাম পাওয়া যায়। রানিনগরের প্রতিটি গ্রামেই মহিলারা মাদুর বুনানোর কাজে জড়িত রয়েছে। এই মাদুর বিক্রি করেই তারা তাদের সংসার খরচ চালাচ্ছেন।