রাজশাহীতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানবাধিকার সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা গত সোমবার দুপর ১টায় রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্থানীয় বেসরকারি সংস্থা বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা (বিউপি) আয়োজিত সভায় সহযোগিতা করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবীর। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর এডিশনাল পুলিশ সুপার ফজলে এলাহী। বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী রাশেদ রিপনের সঞ্চালনায় সভায় আইন ও সালিশ কেন্দ্রের কার্যক্রম তুলে ধরেন আসকের স্টাফ লইয়ার অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান রাহাত। রাজশাহী অঞ্চলের নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর করণীয় সম্পর্কে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় প্রধান অ্যাডভোকেট দিল সেতারা চুনি। মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন রাজশাহী কোর্ট ইন্সপেক্টর মাহতাব হোসেন, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের প্রমুখ। সভায় প্রধান অতিথি আলমগীর কবির বলেন, মানবাধিকার কর্মী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কার্যক্রম সমার্থক। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। আমরা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা অনেক সহজ হবে। পুলিশ তার শত সীমাবদ্ধতার মধ্যে থেকেও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে। সভায় বক্তারা বলেন, আমরা সবাই ক্ষতিগ্রস্ত ও নির্যাতিতদের পক্ষে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এজন্য সব পক্ষের সার্বিক সহযোগিতা প্রয়োজন।