কালীগঞ্জে হাইব্রিড ধানের বাম্পার ফলন

লালমনিরহাটের কালীগঞ্জে হাইব্রিড শক্তি-২ জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বৈরাতী গ্রামের কৃষক খরিরুর রহমান ও কাকিনা গ্রামের কৃষক মনোরঞ্জন রায়ের জমিতে হাইব্রিড শক্তি-২ জাতের ধান কর্তন করে বিঘা প্রতি ২৮ মণ ধান ফলনের তথ্য মিলেছে। অর্থাত্ প্রতি শতাংশ জমিতে প্রায় ৪০ কেজি করে ধান ফলেছে। এ জাতের ধান চাষে ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে। কৃষকের জমিতে ধান কর্তনের আয়োজন করা হয়। শতাধিক কৃষকের উপস্থিতিতে ধান মাড়াই করা হয়। এতে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহির তাহু, কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শামসুদ্দিন মিয়া, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, এএফএসপির সিনিয়র ম্যানেজার নুরে আজম প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বি বলেন, বর্তমানে সারাদেশে কৃষিতে বিপ্লব ঘটেছে। নতুন উদ্ভাবিত হাইব্রিড জাতের ধান ঝড়-বৃষ্টি সহনীয় তাই এ ধানে কৃষকদের অপচয় কম হওয়ায় ফলন অত্যন্ত বেশি। তিনি আরো জানান, বর্তমানে এ উপজেলায় ৭৫ হাজার মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত রয়েছে। তাই ধান চাষের পাশাপাশি ভুট্টা, বাদাম, সোয়াবিন, সরিষা, পিঁয়াজ, আদা জাতীয় শস্য উত্পাদন করলে আর্থিকভাবে বেশি লাভবান হওয়া যাবে। উল্লেখ্য যে, বেসরকারি সংস্থা ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় দারিদ্র্য ও ক্ষুধা দূরীকরণ, টেকসই প্রযুক্তির সম্প্রসারণ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব তৈরির লক্ষ্যে চলতি বোরো মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নের ৭২১ জন সুবিধাভোগী চাষীকে ৩২৫ একর জমিতে উচ্চফলনশীল জাতের ধান চাষে উদ্বুুদ্ধ করে। এতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে ব্র্যাক।