নান্দাইলে ২১৬ জন স্বেচ্ছাসেবককে সনদপত্র প্রদান
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৪ মে ২০১৩, ১৫:৫৫
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ইউনিয়ন দুর্যোগ স্বেচ্ছাসেবক সম্মেলন উপলক্ষে ২১৬ জন স্বেচ্ছাসেবক কর্মীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
গত সোমবার (১৩ মে) সকালে নান্দাইল উপজেলা পরিষদ চত্বরে জিয়া হলে সৌহার্দ্য, কর্মসূচি, ঢাকা আহছানিয়া মিশন ও কেয়ার বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ার সৌহার্দ্যের প্রকল্পের টেকনিক্যাল আঞ্চলিক কর্মকর্তা তমিজ উদ্দিন আহম্মেদ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোরশেদ আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন মিল্টন ভুঁইয়া, রফিকুল ইসলাম রেনু, সৈয়দ আশরাফুজ্জামান, মোস্তফা কামাল ওয়ানিছ ও আবুল হোসেন সরকার । উক্ত অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবক নারী পুরুষের করণীয় ও সাধারণ জনগণকে সচেতন করার বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সকল দুর্যোগে পূর্ব প্রসু্ততি থাকলে দুর্যোগ অনেকটা হ্রাস পায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ঢাকা আহছানিয়া মিশনের এরিয়া কো- অর্ডিনেটর মফিজুর রহমান।