মু খো মু খি
আমাদের মা পৃথিবীর শ্রেষ্ঠ আধুনিক একজন মানুষ
প্রকাশ : ২৪ মে ২০১৩, ১৯:২৯
কেমন আছেন ?
বুঝতেই পারছো কেমন আছি। মায়ের কাছেই আছি। তবুও তো জীবনের গতি থেমে থাকে না। নিজের কাজগুলোও করছি। এ বছরও মায়ের বেশ কিছু জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।
আপনার মায়ের শারীরিক অবস্থা এখন কেমন?
হ্যাঁ উন্নতির দিকে। সবার কাছে দোয়া চাই। মায়ের শারীরিক অবস্থার কথা শুনে দেশ বিদেশের অগণিত মানুষের উত্কণ্ঠা দেখে সত্যিই অভিভুত না হয়ে পারা যায় না। সারা বিশ্বের বাংলা সংস্কৃতির মানুষ তাকে এতটা শ্রদ্ধা করেন , এতটা ভালোবাসেন তা এই কদিনেই আরো যেন প্রকটভাবে বুঝলাম। তবে সবার উত্কণ্ঠা আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়েই খুব শিগগিরই তার শারীরিক স্ট্যাটাসটা জানাবো আমরা। মা এখন বেশ ভালো আছেন। আমি এখনও ডাক্তারের সাথেই রয়েছি। আমি বরং কিছুক্ষণ পরে কথা বলি।
(এর কিছুক্ষন পর )
আজ নজরুল জন্ম জয়ন্তীতে আপনার ব্যস্ততা কেমন ?
ওই যে, আবারও ঘুরে ফিরে পারিবারিক প্রসঙ্গই টানতে হয়। কার।ণ অনেকগুলো প্ল্যান ছিল মাথায়। গেল বছর সিনিয়রদের সাথে নজরুলের গানের একটি বিশেষ পারফর্মেন্স করেছিলাম ব্রিটিশ কাউন্সিলে। শ্রোতা দর্শকদের দারুণ সাড়া পেয়েছিলাম। এ বছর আরও কিছু আয়োজনের পরিকল্পনা ছিল। সেগুলো একটু একটু করে এগিয়েও গিয়েছিলাম। কিন্তু মায়ের সেবাশশ্রুষার কারণেই তা পেছাতে হলো। এরপরও কিছু প্রোগ্রাম তো করছিই।
সেগুলো যদি একটু শেয়ার করতেন—
উল্লেখ করার মতো বলতে হয়। এনটিভিতে নতুন প্রজন্মের শিল্পীদের সাথে কিছু গানে অংশ নেব। বেশ কিছু নিজের প্রিয় গানে পারফর্ম করার প্ল্যান রয়েছে।
আচ্ছা আপনার গান, গায়কী এব নজরুলের গান আপনার কণ্ঠে শুনে ফিরোজা বেগমের উপস্থিত মন্তব্য কেমন পেতেন?
দারুণ। প্রত্যেক মায়েরই তার সন্তানের যেকোনো সৃজনশীল কাজ মুগ্ধতা দেয়। তবে মা আমাদের ক্লাসিক্যালের প্রতি খুব যত্ন নিতে বলেন সবসময়। আমরা সেই ব্যাকগ্রাউন্ড থেকেই কিন্তু আজ ব্যান্ডের গান করি।
কিন্তু এই যে একেবারে ভিন্ন ঘরানা, শুরুর দিকে কোনো অসুবিধা হয়নি?
সেটাতে কিছু হতোই। কিন্তু আমি মনে করি আমাদের মা পৃথিবীর শ্রেষ্ঠ আধুনিক একজন মানুষ। তাই তিনি সবসময় উত্সাহ দিয়ে গেছেন। তার অনুপ্রেরণার কারণেই অনেক কিছু সম্ভব হয়েছেন। তিনি আমাদের গানের পাশাপাশি আমাদের একাডেমিক ক্যারিয়ারের প্রতিও খুব যত্ন নিতেন।
এখন তো ঘর জুড়ে তার নাতি-নাতনীরা রয়েছে—
হুমম.. ওরা তো দাদীর আহ্লাদে ভরপুর।
আপনার ঘরের সর্বকনিষ্ঠ জুনিয়র শাফিন কেমন আছে?
মাশাল্লা খুব ভালো। দেখতে দেখতে কীভাবে ওর বয়স আটমাস হয়ে গেল। কপোট দুস্টুমি আর বাপ বেটার খেলাতেই সময় কেটে যায়।
বড় ছেলেকে নিয়ে লাইভ পারফর্ম করলেন। উত্তর প্রজন্মের গানে কেমন আগ্রহ?
আগ্রহ না বলে আমি বলি ব্লাড সার্কুলেশন হয় ওদের মিউজিক নিয়ে। তবুও নিজেদের ক্যারিয়ার নিজেদের পছন্দ অনুযায়ীই ওরা করবে। আমি কোনো সময় বাধা দিইনি, দেবও না।
আজ লাইভে কী ধরনের গান গাইবার প্ল্যান?
‘সে কোনো জনমে’, ‘ওগো প্রিয় তব’সহ বেশ কিছু গানের লিস্ট আছে। দেখা যাক । দর্শকদের চাহিদা অনুযায়ী পারফর্ম করব।
সবশেষে আপনাদের নতুন কোনো অ্যালবামের খবর বলুন?
বেশ কটি অ্যালবামের কাজ চলছে। একটি মাইলসের। নতুন গান বাঁধছি আমরা। এ ছাড়া আমার সলো অ্যালবামটিরও কাজ অনেকদূর। এর পাশাপাশি নজরুলের গানেরও বেশ কিছু কাজ করছি।