সুরে ও বাণীর মালা দিয়ে

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে দেশের প্রায় সবকটি চ্যানেলই আয়োজন করেছে বিশেষ বিশেষ অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘কুহেলিকা’র ছায়া অবলম্বনে নির্মিত হলো নজরুলের বিশেষ নাটক ‘সুরে ও বাণীর মালা দিয়ে’। এটি এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে। এর নাট্যরূপ ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। নাটকটিতে অভিনয় করেছেন—আল মনসুর, আহমেদ রুবেল, সুমাইয়া শিমু, অপূর্ব এবং একটি বিশেষ চরিত্রে ফেরদৌস হাসান। নাটকটির সংগীত পরিচালনা করেছেন বাডডু, শিল্প নির্দেশনা দিয়েছেন রওনক আলম। এর কগল্পে দেখা যাবে—জাহাঙ্গীর বাইজীর সন্তান হওয়ার দুঃখে আত্মহত্যার কথা চিন্তা করে। কিন্তু প্রমত্ত বলে, ‘মরতেই যদি হয় তবে সেই মৃত্যুকে জীবন দান কর’। তাই প্রমত্তের দিক নির্দেশনাতে জাহাঙ্গীর ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়ে তবে ধর্মান্ধ মানুষেরা ব্যাপারটিকে বাঁকা চোখে দেখে কারণ জাহাঙ্গীর মুসলমান। প্রমত্ত তাদের বুঝাতে চায়—ভারতবর্ষ কোন নির্দিষ্ট ধর্মের নয়, ভারতবর্ষ মহা মানুষের দেশ। জাহাঙ্গীরের পাশে এসে দাঁড়ায় চম্পা। প্রমত্ত, জাহাঙ্গীর, চম্পা—তিন অকুতভয় স্বদেশী মাথা উঁচু করে স্বদেশী আন্দোলনকে বেগবান করে।