লন্ডনে ছুরিকাঘাতে নিহত সেনা সদস্যের নাম প্রকাশ
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২০:৪৩
লন্ডনে দুই হামলাকারীর ছুরিকাঘাতে নিহত সেনার নাম প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ড্রুমার লি রিগবি নামের ওই সেনাসদস্য রয়্যাল রেজিমেন্ট অব ফুসিলিয়ার্স-এর দ্বিতীয় ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ২৫ বছর বয়সী ড্রুমার রিগবির বাড়ি ম্যানচেস্টারে। তার জ্যাক নামে ২ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে বলে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে স্কটল্যান্ড ইয়ার্ড আরো দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদের একজন নারী। দু’জনেরই বয়স ২৯।
বৃহস্পতিবার ড্রুমার রিগবির পরিবারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘লি ছিল দারুণ। সে যে কারো জন্যই সবকিছু করতে পারতো। সে তার বোনদের সবসময়ই দেখভাল করতো এবং সবসময় তাদের সবকিছু থেকে রক্ষা করতো। সে সবার জন্যই বড়ভাইসুলভ দায়িত্ব পালন করতো।’ বৃহস্পতিবার তার মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। ২০০৬ সালে তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। ঘটনাস্থলে পুলিশ আসলে তাদের ছোঁড়া গুলিতে দু’জন হামলাকারী আহত হন। হামলাকারী দু’জনই নিরাপত্তাকর্মীদের কাছে পরিচিত ছিল বলে জানিয়েছে বিবিসি। পথচারীর ভিডিওতে যাকে দেখা গেছে তার নাম আদেবোলাজো বলে ধারণা করা হচ্ছে। মাইকেল আদেবোলাজো নাইজেরীয় বংশোদ্ভূত এবং নিবেদিতপ্রাণ এক খ্রিস্টান পরিবারের হলেও ২০০১ সালে কলেজ পাসের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানানো হয়েছে বিবিসির কয়েকটি সূত্রে। এদিকে, বুধবার প্রকাশ্য দিবালোকে ঘটা ওই হত্যাকাণ্ডকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে দেশটির সরকার। পুলিশের গুলিতে আহত দুই হামলাকারীকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।