কঙ্গোর বিদ্রোহীদের যুদ্ধবিরতি ঘোষণা

জাতিসংঘের মহাসচিবের সফরকে কেন্দ্র করে কঙ্গোর এম ২৩ বিদ্রোহীরা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। গত তিনদিনে সরকারি বাহিনীর সাথে বিদ্রোহীদের যুদ্ধে ১৯ জন নিহত হওয়ার পর এ ঘোষণা আসল। জাতিসংঘের মহাসিচব বান কি মুন এবং বিশ্বব্যাংকের প্রধান জিম ইয়ং কিম কঙ্গোর উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমা সফরে গেলে বিদ্রোহীরা সাময়িক এ যুদ্ধবিরতি ঘোষণা করে। বিদ্রোহীদের একজন মুখপাত্র আমানি কাবাসা টেলিফোনে গণমাধ্যমকে বলেছেন, বান কি মুনের সফরকে নির্বিঘ্ন করতেই তারা এ যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। তিনি বলেন, জাতিসংঘের সফরকে সফলভাবে সম্পন্ন করতে আজ আমরা যুদ্ধ করবো না। আমরা যুদ্ধ করতে চাই না। যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি আলোচনার পথ উন্মুক্ত করতে চাই। আশা করবো সরকার আমাদের ইতিবাচক পদক্ষেপে সাড়া দিয়ে রাজধানী কামপালাতে আমাদের সাথে আলোচনায় বসবে। কঙ্গোয় শান্তির পথ সুগম করতে এবং উন্নয়নের ধারাকে আরো ত্বরান্বিত করতে বুধবার বান কি মুন এবং জিম ইয়ং কিম দেশটির রাজধানী কিনসাসাতে পৌঁছান। সেখানে তারা কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা এবং প্রধানমন্ত্রী অগাস্টিন মাতাতা পনোয়ের সাথে সাক্ষাত্ করেছেন। এর পরদিনই তারা গোমা পৌঁছান। জিম দাবি করেন, কঙ্গো, রুয়ান্ডা, উগান্ডা, বুরুন্ডি এবং তানজানিয়ার ভাগ্য পরিবর্তনে এর আগে বিশ্বব্যাংক ১ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্রকল্প হাতে নিয়েছে। বিশ্বব্যাংকের এ ধরনের পদক্ষেপের ফলে আফ্রিকার দেশগুলোর আন্তঃসীমান্ত বাণিজ্য ব্যবস্থা শক্তিশালী হবে, বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা ভালো হবে, কৃষিক্ষেত্রে উত্পাদন বাড়বে, সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। সর্বোপরি তা এ অঞ্চলের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে। কঙ্গোর গোমা অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠায় এখন পর্যন্ত বিলিয়ন ডলার খরচের পাশাপাশি বিভিন্ন সময় যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তা অনেকটাই ব্যর্থ হয়েছে। গত ছয় মাস ধরে এম ২৩ বিদ্রোহীদের সাথে সরকারের যুদ্ধবিরতির জন্য যে আলোচনা হয়েছিল তা অনেকটাই ভেস্তে যাওয়ার জন্য কঙ্গো সরকার বিদ্রোহীদের দায়ী করে আসছে। ২০০৬ সালে ন্যাশনাল কংগ্রেস ফর দ্যা ডিফেন্স অব পিপল (সিএনডিপি) নামে রাজনৈতিক সামরিক শক্তির উত্থান ঘটে। ২০০৯ সালের ২৩ মার্চ তারা ডেমোক্রাটিক রিপাবলিক অব কঙ্গোর সাথে আলোচনায় বসে। কিন্তু কঙ্গো সরকার সে আলোচনার প্রতিশ্রুতি রক্ষা না করায় ২০১২ সালের ৪ এপ্রিল সিএনডিপি থেকে বেরিয়ে আসা ৩ শতাধিক সেনাবাহিনীর সদস্যকে নিয়ে এম ২৩ গঠন করে।