মেঘনায় নৌযানে চলছে ব্যাপক চাঁদাবাজি

মেঘনা নদীতে চলন্ত বিভিন্ন নৌযানে ব্যাপক চাঁদাবাজি করছে সন্ত্রাসীবাহিনী। অভিযোগে প্রকাশ, সোনারগাঁও থানা আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে জাকির বাহিনী মেঘনা নদীর মাঝপথে চলাচলরত বাল্ক হেড, কার্গো, শিপসহ বিভিন্ন নৌযান ও বালু মহালের ড্রেজারে অবাধে চাঁদা আদায় করে আসছে। চাঁদাবাজদের নির্যাতনে গত ৭ মাসে কমপক্ষে দু’শতাধিক নৌ-শ্রমিক আহত হয়েছে। জানা গেছে, মেঘনা নদীর উত্তর-পশ্চিমপাড়ের বৈদ্যেরবাজার ঘাট থেকে মেঘনাঘাট পাওয়ার প্লান্ট পর্যন্ত নদীর তীরে নির্দিষ্ট ঘাটে নৌযানের মালামাল ওঠানো-নামানোর চাঁদা আদায়ের বিআইডব্লি¬উটিআইয়ের কাছ থেকে জাকির বাহিনীর প্রধান জাকির হোসেন ওরফে (পলিথিন জাকির) একটি সিন্ডিকেট কান্দারগাঁও যুব কল্যাণ সমবায় সমিতির নামে নির্দিষ্ট সময়ের জন্য ইজারা নেয়। অভিযোগে প্রকাশ, তারা চাঁদা আদায়ের জন্য নির্দিষ্ট ঘাট ছাড়াও মেঘনা নদীর মাঝনদীতে চলাচলরত বিভিন্ন নৌযানে ইচ্ছেমত চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। প্রকাশ, সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের আওয়ামী লীগ কর্মী জাকির হোসেনের নেতৃত্বে শামীম, স্বাধীন, আনসার, আল আমিন, রূপ মিয়া, সুমন, কানা মনির ও দুদুসহ প্রায় ৩০-৩৫ জনের একটি দল চাঁদাবাজির সিন্ডিকেট তৈরি করে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বিভিন্ন নৌযান থেকে ৫-৬শ’ করে টাকা চাঁদা আদায় করে আসছে। তারা স্পীড বোট ও ট্রলারযোগে লাঠিসোঠা নিয়ে নদীতে চলাচলরত নৌযানে চাঁদা আদায় করছে। শ্রমিকদের অভিযোগ, মেঘনা নদীতে চাঁদাবাজির টাকার একটি বিরাট অংশ স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী কিছু নেতা, সোনারগাঁও থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সোনারগাঁও উপজেলা কমিশনারের (ভূমি) কার্যালয়ে দেয়া হয়। তাই অভিযোগ করা হলেও কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করে না প্রশাসন। নারায়ণগঞ্জ বিআইডব্লি¬উটিআইয়ের পরিচালক আলমগীর কবির বলেন, বিআইডব্লি¬উটিআইয়ের পক্ষ থেকে আমরা নদীর ঘাটে নৌযানে মালামাল ওঠা-নামা করার সময় চাঁদা নেয়ার জন্য ইজারা দেয়া হয়েছে। মেঘনা নদীর মাঝপথ থেকে চাঁদা আদায়ের জন্য দেয়া হয়নি। কিন্তু বর্তমানেও নদীর মাঝপথে বিভিন্ন নৌযানে চাঁদাবাজির সত্যতা পেয়ে ঢাকায় পুলিশ কমিশনারের সাথে সভা করে রেজ্যুলেশনের মাধ্যমে স্থানীয় থানা পুলিশকে এ বিষয়ে দেখভাল করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি স্থানীয় থানার ওসি ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। এ ব্যাপারে অভিযুক্ত জাকির হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার লোকজন ছয় মাস আগে না বুঝে হয়তো চাঁদা আদায়কালে শ্রমিকদের মারধর করেছে। কিন্তু এখন আর করে না। তাছাড়া আমি আমাদের এলাকায় প্রায় ১শ’ বাল্ক হেড থেকেই কোন চাঁদা নেই না। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অবৈধভাবে চাঁদা আদায় করছে এমন কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।