তিন ফোঁটায় সর্বরোগের চিকিত্সা! গভীর রাত থেকে দীর্ঘ লাইন
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২১:০২
অপচিকিত্সার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বিতাড়িত কবিরাজ ফারজানা খাতুন সুমি এখন মহেশপুর শহরে পুলিশ ও সরকারি দলের ছত্রছায়ায় আস্তানা গেড়েছেন। মহেশপুর এলাকার একটি চক্র সুমিকে দিয়ে নগদ টাকা, বোতলজাত পানি ও তেল বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। মহেশপুর গিয়েও ফারজানা খাতুন সুমি স্বপ্নে পাওয়া তিন ফোঁটা গাছের রস, পানি আর তেলপড়া দিয়ে ক্যান্সারসহ সর্বরোগ নিরাময়ের নামে মহিলা রোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ। তবে এই টাকার ভাগ পুলিশ ও সরকারিদলের নেতাদের দিতে হয় বলে সুমির এক আত্মীয় স্বীকার করেন। ঝিনাইদহের কালীগঞ্জ সোয়াইব নগর মাদ্রাসার ছাত্রী ফারজানা খাতুন সুমি একই উপজেলার ফয়লা গ্রামের জামাল হোসেনের মেয়ে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন জানান, অপচিকিত্সার অভিযোগে গত ৩০ মার্চ কালীগঞ্জ স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সুমির কবিরাজি ব্যবসা বন্ধ করে দেয়। তিনি আরো জানান, প্রায় দুই মাস বন্ধ থাকার পর মহেশপুর এলাকায় সুমির অপচিকিত্সা আবার শুরু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি এখন মহেশপুর উপজেলা প্রশাসনের এখতিয়ারে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে সুমির নতুন আস্তানা মহেশপুর উপজেলা শহরের পাটবাগানে গিয়ে দেখা গেছে, পানবরজের পাশে সারিবদ্ধভাবে গভীর রাত থেকে অপেক্ষমাণ মহিলা রোগীর দীর্ঘ লাইন। ড্রপার দিয়ে সকালে এক ফোঁটা ওষুধ দেয়ার পর দুপুর এবং সন্ধ্যায় শেষ ফোঁটা রোগীদের খাওয়ানো হচ্ছে।
কবিরাজ সুমি জানান, দেড় বছর আগে স্বপ্নে ক্যান্সারসহ সর্বরোগ নিরাময়ের ওষুধের গাছের নাম জানতে পারি। এরপর খুলনায় খালা বাড়ি গিয়ে প্রথম স্বপ্নে পাওয়া গাছ দিয়ে চিকিত্সা দেয়া শুরু করি। সুমির দাবি ৩ ফোঁটা ওষুধ খেয়ে রোগ ভাল হওয়ার পর এলাকায় তার চিকিত্সার কথা ছড়িয়ে পড়ে। এরপর কালীগঞ্জের ফয়লা গ্রামে ফিরে এসে চিকিত্সা দেয়া শুরু করি। কিন্তু পুলিশ ও স্বাস্থ্য বিভাগ তার চিকিত্সা গত মার্চ মাসে বন্ধ করে দেন। সুমির পিতা জামাল হোসেন জানান, আমার মেয়ে ওষুধ পেয়েছে স্বপ্নে। এই ওষুধ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়। তবে কেউ যদি খুশি হয়ে টাকা দেয় তাহলে আমি নিই। কালীগঞ্জ উপজেলার আজমত নগর গ্রামের সরেভানু (৬০) এসেছেন হাঁপানি রোগের জন্য। তিনি এ পর্যন্ত দু’বার এখানে এসে অনেকটাই সুস্থ বলে দাবী করেন। মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামের নুরজাহান বেগম এবং যাদবপুর গ্রামের সাবানা খাতুন জানান, তারা এবার নিয়ে ৩ বার সুমির দেয়া ওষুধ সেবন করেছেন কিন্তু কোন উন্নতি হয়নি।
ঝিনাইদহের সিভিল সার্জন নাসরিন সুলতানা জানান, তিন ফোঁটা গাছের রসে ক্যান্সারসহ সব রোগ সেরে যাবে এটা চিকিত্সা বিজ্ঞানে নেই। এ প্রতারণামূলক অপচিকিত্সা। তিনি আরো জানান, এই অপচিকিত্সা বন্ধের জন্য মহেশপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তাহাজ্জেল হোসেন উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছেন। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছিমা খাতুন জানান, কবিরাজের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে ব্যবস্থা নেয়া হবে। তিনি এ ধরনের অপচিকিত্সার কথা নতুন শুনছেন বলেও জানান।