ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান

মাস খানেক আগের পাবনার বেড়া উপজেলার বেড়া বিবি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে শ্রেণীকক্ষের ছাদ থেকে খসে আহত হয় মেহেদী হাসান ও রাকিব নামের দুই ছাত্র। সেদিনের পর থেকে আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে ওই দু’জনকে। মেহেদী বলে, ‘ক্লাসরুমে আমরা খুব ভয়ে থাকি আর বার বার ছাদের দিকে তাকাই। এই রুমে আমাদের কারোরই ক্লাস করতে ইচ্ছা করে না।’ বিদ্যালয়ের ৫ কক্ষবিশিষ্ট একটি ভবন মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় মেহেদীর মতো কোনো শিক্ষার্থীরই সেখানে ক্লাস করতে ইচ্ছা করে না। কিন্তু বাড়তি শ্রেণীকক্ষ না থাকায় ঝুঁকি নিয়ে সেখানেই চলছে পাঠদান। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ায় এই ভবনে দু’বছরে একাধিক শিক্ষকসহ ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে। জানা যায়, ১৯৬৯ সালে বিদ্যালয়ের এই ভবনটি নির্মিত হয়। নির্মাণের পর থেকে আজ পর্যন্ত এই ভবনটির তেমন কোনো সংস্কার হয়নি। বছর দশেক আগে এ ভবনের বিভিন্ন কক্ষের ছাদ ও দেয়ালে ফাটল দেখা দিতে শুরু করে এবং প্রয়োজনীয় সংস্কারের অভাবে বছর বছর তা বাড়তেই থাকে। গত দুই-তিন বছর ধরে এ ভবনটি হয়ে উঠেছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। ৩০ এপ্রিল বেড়া পৌর কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে ভবনটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় সেখানে ৪৯০ জন শিক্ষার্থী রয়েছে। বাড়তি শ্রেণীকক্ষ না থাকায় নিরুপায় হয়ে ঝুঁকিপূর্ণ ভবনটিতেই ক্লাস নেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত্ হোসেন বলেন, ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থার কথা শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী সবাইকে লিখিতভাবে জানিয়েছি। বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহফুজুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ। দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভবনটি পুনর্নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।