মহাসেনের আঘাতে বরগুনার ৯৫ ভাগ মানুষ এখনো ত্রাণ পায়নি

ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতের ৬ দিনেও বরগুনার ক্ষতিগ্রস্তদের ৯৫ ভাগ মানুষ ত্রাণ সহায়তা পায়নি। জেলায় ক্ষতিগ্রস্ত ৫ লক্ষাধিক মানুষের জন্য সোমবার পর্যন্ত বরাদ্দ দেয়া হয়েছে মাত্র ২৫৭ টন চাল এবং ৮ লাখ ৪০ হাজার টাকা। যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। মহাসেনের আঘাতের ৬ দিন অতিবাহিত হলেও ত্রাণ পায়নি জেলার কয়েক লাখ মানুষ। বরগুনা সদর উপজেলার ছোটবদরখালী গ্রামের হতদরিদ্র ব্রজেশর, রণজিত মাঝি, মোয়াজ্জেম জানান, ঘূর্ণিঝড়ে তাদের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার পর এখনও পর্যন্ত কোন ত্রাণ তারা পাননি। অপরদিকে তালতলী উপজেলার ছোটবগী গ্রামের হারুন একই অভিযোগ করে বলেন, মহাসেনে ঘর-বাড়ি সব শেষ হলেও কোন ত্রাণ পাইনি। এদিকে নবগঠিত তালতলী উপজেলা আ’লীগের সভাপতি ফজলুল হক জোমাদ্দার জানান, গত ১২ মে তালতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদানের কথা থাকলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। যার কারণে তালতলী উপজেলার ৭টি ইউনিয়নে ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতির বিবরণ এবং ত্রাণ সহায়তা ঠিক ভাবে বন্টন করা হচ্ছে না। বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবদুল খালেক বলেন, সিডর ও আইলার তুলনায় এবারের ঘূর্ণিঝড়ে কম মানুষ মারা গেলেও ক্ষয়-ক্ষতি হয়েছে অনেক বেশি। অথচ সরকারের পক্ষ থেকে তেমন কোন ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে না।