শরণখোলায় লাকি বেগম (২৮) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার আমড়াগাছিয়া বাজার সংলগ্ন সাতঘর গ্রামে ঘটনা ঘটে। ঘটনার পর লাকির স্বামী নুরুল আমিন দুই সন্তান জিহাদ (৭) ও জেরিন (২) কে নিয়ে পালিয়ে গেছে। নিহত লাকি বেগম উপজেলার আমড়াগাছিয়া কালিবাড়ি গ্রামের খলিল হাওলাদারের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাত পৌনে ৪টার দিকে নূরুল আমিন তার শ্যালক নুরুল ইসলামকে মোবাইলে জানায়, স্ত্রী লাকি গুরুতর অসুস্থ। খবর পেয়ে বোনের বাড়িতে গিয়ে নুরুল ইসলাম ঘরের মেঝেতে লাকিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্বামী নুরুল আমিন তার দুসন্তানকে নিয়ে কোথায় গেছে তা কেউ বলতে পারে না। পলাতক নুরুল আমিন দক্ষিণ রাজাপুর গ্রামের আ. হক হাওলাদারের ছেলে।
শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মফিজুর রহমান জানান, এ ঘটনায় নিহত লাকির বড়ভাই নুরুল ইসলাম বাদী হয়ে স্বামী নুরুল আমিনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শরণখোলা থানার এসআই সুদেব পাল জানান, পারিবারিক কলহকে কেন্দ্র করে স্বামী নুরুল আমিন লাকি বেগমকে খুন করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।