পাংশায় সেতুর সাথে ধাক্কায় নিহত ২

গোয়ালন্দ-পোড়াদহগামী সাটল ট্রেনের ছাদে ভ্রমণের সময় রাজবাড়ীর পাংশা উপজেলাধীন কালিকাপুর রেলসেতুতে ধাক্কা লেগে বৃহস্পতিবার বিকেলে মামুন (২৫) ও শহিদুল (২৪) নামে ২ যুবকের মৃত্যু হয়েছে। তাদের মোবাইল ফোনে পাওয়া তথ্য অনুযায়ী মামুন চুয়াডাঙ্গা জেলার জীবননগরের কাশিমপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে মামুন ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শহিদুল । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পোড়াদহগামী ট্রেনটি কালিকাপুর রেলসেতু অতিক্রম করছিল। এ সময় অপেক্ষাকৃত নিচু এ সেতুতে আঘাত লেগে ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মারাত্মক আহত হন মামুন। ঘটনার পরপরই স্থানীয় জনতা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে সে মারা যায়। এছাড়া একই ঘটনায় শহিদুলের মাথায় মারাত্মক আঘাত লাগে। পরে ট্রেনটি পাংশা রেলস্টেশনে পৌঁছার পর স্থানীয় জনতা শহিদুলকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। শহিদুল ঐ রাতেই চিকিত্সাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়।