গোদাগাড়ীতে তোপের মুখে প্রকৌশলীরা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে গোলচত্বর নির্মাণ ও পাশের সড়ক সমপ্রসারণের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। সিডিউল ও নক্শা অনুযায়ী কাজ না করার কারণে গত বৃহস্পতিবার স্থানীয় জনগণ কাজ বন্ধ করে দেয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামসহ কয়েকজন কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ডাইংপাড়া মোড়ে এসে জোর করে গোলচত্বর নির্মাণ ও সড়ক সমপ্রসারণের কাজ পুনরায় শুরু করলে জনগণ আবারো বাধা দিলে নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম স্থানীয় জনগণকে পুলিশ ডেকে ধরিয়ে দেয়ার হুমকি দেন। এ সময় জনগণের তোপের মুখে পড়েন নির্বাহী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, কার্য-সহকারী, ঠিকাদার হারুন অর রশিদ ও তার লোকজন। ডাইংপাড়া মোড়ে ১ ঘন্টা ধরে নির্বাহী প্রকৌশলীসহ অন্য কর্মকর্তারা অবরুদ্ধ হয়েছিলেন। এতে করে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে বাসযাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। একপর্যায়ে নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম সিডিউল ও নক্শা অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিলে স্থানীয় জনগণ নির্বাহী প্রকৌশলীসহ সড়ক ও জনপথের কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে দেয় জনগণ।