কাঁদিয়ে গেল মেধাবী স্কুলছাত্র হূদয়
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২১:০৯
হাজারো মানুষকে কাঁদিয়ে অঝোরে ঝরে গেল সুবর্ণচরের শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আরশাদ আলী হূদয়। সড়ক দুর্ঘটনায় নিহত হূদয়কে দেখতে বৃহস্পতিবার রাতে ঐ এলাকার হাজারো মানুষের ভিড় জমে। একমাত্র পুত্র হূদয়ের লাশ দেখে বিধবা মা মনোয়ারা বেগমের ও তার সহপাঠী শিক্ষার্থী, শিক্ষকদের কান্নায় এলাকার পরিবেশ আরো ভারি হয়ে উঠেছে। ঐদিন সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে আটকোপালিয়া বাজারের সামনের সড়কে একটি ইটবাহী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হবার পর চিকিত্সার জন্য ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। গতকাল শুক্রবার সকালে স্কুল মাঠে তার জানাজায় নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাছান, চরজব্বর থানার ওসি মোশাররফ হোসেন তরফদার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ হানিফসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
তার স্কুলের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম জানান, হূদয় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পায়। তার মা মনোয়ারা বেগম অন্যের বাড়িতে কাজকর্ম করে কোন রকমে সংসার চালান।
তিনি আরো জনিয়েছেন স্থানীয় এমপি ও ঘাতক ট্রাকের মালিক এক লাখ টাকা করে দুই লাখ টাকা হূদয়ের মাকে সাহায্য দিয়েছেন।