তত্ত্বাবধায়ক সরকার, সংলাপ ও সমঝোতা
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২১:২১
আমাদের দেশে যারা রাজনীতি করেন বা কোনো না কোনোভাবে দলের সঙ্গে সংযুক্ত থাকেন, তারা অনেক সময়ই রাজনৈতিক বা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে কথা ও কাজ করতে বড়ই অসহায় বোধ করেন। তদুপরি সরকার ও বিরোধী পক্ষের রাজনৈতিক দলগুলোর উচ্চ পর্যায়ের নেতা-নেত্রীদের একে অপরের প্রতি অবিশ্বাস বা বিশ্বাসের ঘাটতি এত প্রকট থাকে যে, তারা পরস্পরের প্রতি কোনো আস্থা রাখতে বড়ই শংকা বোধ করেন। তাই জাতীয় ইস্যুতে সমস্যা সমাধানের লক্ষ্যে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানো তাদের জন্য বেশ দুরূহ হয়ে পড়ে। দলীয় স্বার্থে ও ভোটের রাজনীতিতে সমঝোতার পথকে তারা কঠিন করে ফেলেন। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটিকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন প্রাক্কালে এরকমই একটি অসমঝোতামূলক পরিস্থিতি আমরা বার বার দেখে আসছি বিশেষ করে ১৯৯৬ সালের শুরু থেকেই। শুধু তাই নয়, আরো সুস্পষ্ট লক্ষণীয় যে, অতীত ও বর্তমানে জোট ও মহাজোট অথবা বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের সাংসদরাই পর্যায়ক্রমে শুধু সরকার গঠনের মাধ্যমে ক্ষমতার আসনে বসে থাকতে যতটা আকৃষ্ট, মোহিত ও স্বাচ্ছন্দ্যবোধে অভ্যস্ত থাকেন, বিরোধী দলের কাতারে সংসদের আসনে বসতে তার চেয়ে ঢেরগুণ বেশি অনিহা বরাবরই লক্ষ্য করা গেছে তাদের মধ্যে। বিরোধী সাংসদরা প্রায়শই যে কোনো ছল-ছুুতা খুঁজে নিয়ে সংসদ থেকে শুধু ওয়াক আউট করেই যে ক্ষান্ত হয়েছেন তা নয়, বরং সংসদকে কার্যত, মুখরিত ও প্রাণবন্ত করার পরিবর্তে রাজপথকে উত্তপ্ত করার পথই বেছে নিয়েছেন তারা বার বার। রাজপথে নামার আগে তারা কার্যত ভুলেই যান যে জনগণ তাদেরকে ভোট দিয়ে মূলত তাদের হয়ে কাজ করার জন্য জনপ্রতিনিধি হিসাবে সংসদে পাঠিয়েছেন, রাজপথকে কেবল উত্তপ্ত করার জন্য নয়। যদিও রাজপথের সেই উত্তপ্ততা স্তিমিত হয়ে পড়ে এক সময়, তবে সাধারণ মানুষকে তার বিনিময়ে অনেক খেসারত বা চড়ামূল্য দিতে হয়।
এবার ২০১৩তে এসে দশম জাতীয় নির্বাচনকে ঘিরে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটিকে কেন্দ্র করে আবার একটা জটিলতা সৃষ্টি হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। মূল কারণ বোঝা খুবই সহজ এজন্য যে, এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটি বর্তমানে আর নেই। ইতিমধ্যেই কোর্ট ও সংসদের মাধ্যমে এই পদ্ধতিটির বিদায় ঘণ্টা বাজানো হয়েছে। ক্ষমতায় এবার আওয়ামী লীগ। বেকায়দায় পড়েছে বিএনপি- যারা এই পদ্ধতিটির পক্ষে কখনোই ছিলেন না। এখন তারা এই পদ্ধতিটি ফিরে পেতে চাইলেও আওয়ামী লীগ এর বিরুদ্ধে দাঁড়িয়েছে- যদিও আওয়ামী লীগ বিকল্প হিসাবে নির্বাচিত ব্যক্তিবর্গ নিয়ে অন্তর্বর্তীকালীন একটা সরকার প্রতিষ্ঠায় আগ্রহী।
পরিশেষে বলবো যে, অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যে নিরপেক্ষ ও সুষ্ঠু হতে পারে— তা অতীতের চারটি নির্বাচনই (২৭ ফেব্রুয়ারি ১৯৯১, ১২ জুন ১৯৯৬, ১লা অক্টোবর ২০০১, ২৯ ডিসেম্বর ২০০৮) যথেষ্ট প্রমাণ বহন করে। অথচ এই সুন্দর ব্যবস্থাটিকে অতীতে কয়েকবার অপব্যাখ্যার মাধ্যমে কিংবা অপচেষ্টা করে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করা হয়েছে। কখনো নির্বাচনে সুবিধা আদায়ের আশায় নিজেদের পছন্দের ব্যক্তিগুলোকে পছন্দসই জায়গাতে নিয়োগের মাধ্যমে, আবার কখনো তিন মাসের পরিবর্তে নানা অজুহাতে দুই বছর পর্যন্ত স্বচ্ছন্দে কাটিয়ে দেয়া হয়েছে। এভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটিই একটি চ্যালেঞ্জের মধ্যে পতিত হয়ে বিলুপ্তি সাধন করেছে। কিন্তু এর অপরিসীম চাহিদা এখনো গণতন্ত্রমনা মানুষের মধ্যে ব্যাপকভাবে রয়েছে। তাই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন বা এর বিকল্প কিছু ফিরে পেতে হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমেই একটা সমঝোতা হতে হবে। পরস্পরের প্রতি আস্থাহীনতা বা অবিশ্বাস নয়, আলোচনার পথকে বন্ধ করে নয়- সমঝোতার জন্য সব জানালা খোলা রেখেই একটি শক্ত ও টেকসই নির্বাচনী ব্যবস্থা বের করা উচিত যাতে করে ছোট-বড় সকল দল সমান অধিকার নিয়ে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের পথকে প্রসারিত করতে পারে। আর সেই স্থায়ী ও টেকসই নির্বাচনী ব্যবস্থা পেতে হলে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, নির্বাহী ও বিচার বিভাগকে আলাদাকরণসহ রাষ্ট্রীয় কাঠামোগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা যেমন নিশ্চিত করতে হবে তেমনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে এর বিকশিকতার স্বার্থে একক ব্যক্তির দু’বারের বেশি প্রধানমন্ত্রীর পদে বহাল না থাকার বিধান সর্বসম্মতিক্রমে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তখন নির্বাচন প্রাক্কালীন বার বার জটিলতা অথবা দুর্নীতির মতো অনেক বড় বড় জাতীয় সমস্যা আপনা-আপনিই দূরীভূত হবে। দলাদলি, রেষারেষি, পেশীশক্তি, হিংসা, বিদ্বেষ, পরস্পরের প্রতি অবিশ্বাস ও আস্থাহীনতা কমিয়ে সমঝোতার রাস্তা প্রশস্ত করার মাধ্যমে মূলত বাংলাদেশ এসব সমস্যা কাটিয়ে উঠে অর্থনৈতিকভাবে মুক্তির আলোকে সামনে এগিয়ে যাবে- সেটিই হওয়া উচিত সকলের প্রত্যাশা।
লেখক :যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেটে একটি ইন্ডাস্ট্রিতে কর্মরত
e-mail: alamrowshon¦gmail.com