প্রাথমিক বাছাইয়ে চল্লিশ আবেদন খারিজ, গৃহীত ২

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে ৪৩ রাজনৈতিক দল আবেদন করলেও প্রাথমিক বাছাইতে বাদ পড়েছে ৪০টি দল। ইসির বাছাই কমিটির পক্ষ থেকে ৭টি রাজনৈতিক দলকে সুপারিশ করলেও কমিশন সভায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আবেদন রেখে অন্য সবগুলো আবেদনই বাতিল করা হয়েছে। আবেদন খারিজ হওয়া দলগুলোর অধিকাংশের আবেদন ছিল ত্রুটিপূর্ণ। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ ইত্তেফাককে জানান, কমিশনের মূল্যায়ন অনুসারে ৪৩টির মধ্যে দুটি দলের আবেদন গ্রহণযোগ্য মনে হয়েছে। এজন্য ত্রুটিপূর্ণ আবেদনকারী দলগুলোর আবেদন খারিজ করা হয়েছে। আর যে দু’টি আবেদন গ্রহণযোগ্য হয়েছে তাদের সম্পর্কে মাঠ পর্যায়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। ইসি সচিবালয়ের আইন শাখার একজন যুগ্ম সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের যাচাই কমিটি ৪৩টি দলেরই আবেদন মূল্যায়ন করে ৭টি দল আংশিক শর্তপূরণ করেছে বলে সুপারিশ করে। দলগুলো হচ্ছে: বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ নিউ সংসদ লীগ (বিএনএসএল), বাংলাদেশ জাতীয় লীগ (বিজেএল), বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ গণঅধিকার দল। এর মধ্যে কমিশন সভায় আলোচনা শেষে প্রথম দু’টি দলের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হয়। কমিশন বৈঠকে ৪০টি দলকে চিঠি দিয়ে কমিশনের এই সিদ্ধান্ত জানিয়ে দিতে কমিশন সচিবালয়কে নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মাঠ পর্যায়ে সাংগঠনিক কাঠামো ঠিক থাকলে সেগুলোও নিবন্ধন পেতে পারে। কমিশন এ দল দুটির মাঠ পর্যায়ে দলীয় অফিসের সংখ্যা ও দলের কমিটির সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের নির্দেশ দিয়েছে। যদিও বাছাই কমিটির সুপারিশে বলা হয়েছে বিএনএফ নামের দলটি আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র আংশিক জমা দিয়েছে এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট নামের দলটি অধিকাংশ কাগজপত্র জমা দিয়েছে। আবেদন না-মঞ্জুর হওয়া এসব দলের মধ্যে কয়েকটি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সদস্য। আবেদনকারী বাংলাদেশ মুসলিম লীগ ইতিপূর্বে আদালতের নির্দেশ বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) নামে নিবন্ধন পাওয়ায় তাদেরকে আর চিঠি দেয়া হচ্ছে না। দল নিবন্ধনের বিধান অনুসারে নতুন একটি দলের সারা দেশে ২১ জেলা ও ১০০ উপজেলায় কমিটি ও অফিস থাকতে হবে। এছাড়া দলের প্রতিটি কমিটির ২০০ ভোটার সদস্য থাকতে হয় এবং প্রত্যেক কমিটি হতে হয় নির্বাচিত। কমিশন সভায় যে ৪০টি দলের আবেদন না-মঞ্জুর করেছেন তার মধ্যে রয়েছে: বাংলাদেশ সাম্যবাদী দল (মার্কসবাদী-লেলিনবাদী), বাংলাদেশ গ্লোরিয়াস পার্টি (বিজেপি), বাংলাদেশ মাইনরিটি পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মাওবাদী), বাংলাদেশ জালালী পার্টি, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিপিডিপি), বাংলাদেশ নিউ সংসদ লীগ (বিএনএসএল), বাংলাদেশ আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), বাংলাদেশ জাতীয় লীগ (বিজিএল), মুক্তিযোদ্ধা কমিউনিজম ডেমোক্রেটি পার্টি, বাংলাদেশ জাতীয় দল (বিজিডি), গণ-অধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ গণসেবা আন্দোলন (বিজিএ), বাংলাদেশ জনতা দল, বাংলাদেশ প্রবাসী দল (বিপপা), বাংলাদেশ তৃণমূল লীগ (বিএসএল), বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ, গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট, মুক্ত রাজনৈতিক আন্দোলন (এমআরএ), জাতীয় মুক্তিযোদ্ধা গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট, বাংলাদেশ ইসলামিক পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ পিপলস্ লীগ, পাবলিক পার্টি, বাংলাদেশ জনগণতান্ত্রিক দল (বিপিডি), মাতৃভূমি দল, বাংলাদেশ গণ-অধিকার দল, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি), বাংলাদেশ গণশক্তি দল, বাংলাদেশ বামফ্রন্ট, জনতা মহাজোট বাংলাদেশ, সম্মিলিত গণতান্ত্রিক পার্টি (বাংলাদেশ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ হিন্দু লীগ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ রেড স্টার পার্টি (বিআরএসপি), বাংলাদেশ লেবার পার্টি, কৃষক শ্রমিক পার্টি, ডেমোক্রেটিক পিপলস্ পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানী।