যুক্তরাজ্যের উলউইচ হত্যাকাণ্ড :দুঃখজনক ও নিন্দনীয়
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২১:৩০
যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব লন্ডনের উলউইচের রাস্তায় গত বুধবার বিকালে দুইজন হামলাকারী প্রকাশ্যে চাকু ও চাপাতি দিয়া কোপাইয়া সেখানকার সন্নিকটবর্তী সেনানিবাসের একজন সেনাসদস্যকে হত্যা করে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়া বিবিসি জানাইয়াছে যে, ভয়ংকর এই হামলা পরিচালনার পর ঐ দুই ব্যক্তি ধারালো অস্ত্র উঁচাইয়া ধরে এবং আশেপাশের লোকজনকে তাহাদের ছবি তোলার আহ্বান জানায়। তাহারা পালাইয়া যাওয়ারও কোন চেষ্টা করে নাই। পরে পুলিশের গুলিতে ঐ দুই হামলাকারী আহত হয়।
যুক্তরাজ্যের এই পৈশাচিক হত্যাকাণ্ডটি যে কোন অর্থেই নিন্দনীয়। দুঃখজনকও বটে। হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল মুহাজিরুনের সদস্য হইতে পারে বলিয়া ধারণা করা হইতেছে। এই হত্যাকাণ্ডটি ইতোমধ্যে ব্রিটেনে তোলপাড় সৃষ্টি করিয়াছে। তবে হত্যাকারীদ্বয়ের সন্দেহজনক আচার-আচরণ ও কথাবার্তায় অনেকেই উদ্বিগ্ন ও কিংকর্তব্যবিমূঢ়। মূল হত্যাকারীর নাম মাইকেল আদেবোলাজো (২৮)। সে নাইজেরীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। সে ২০০৩ সালে কলেজের পাঠ শেষে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আব্দুল্লাহ নামধারণ করে বলিয়া জানা যায়। যাহার উপর আক্রমণ করা হইয়াছে ২০০৯ সালে তাহার আফগানিস্তান যুদ্ধে অংশগ্রহণের কথা কোন কোন খবরে বলা হইয়াছে। হত্যার পর অন্য পথচারীদের উদ্দেশে হামলাকারীকে বলিতে শোনা যায়, ‘যেহেতু মুসলিম দেশে ব্রিটিশ সৈন্য যুদ্ধ করছে, তাই তোমরা নিরাপদ থাকবে না। আল্লাহর কসম, আমরা যুদ্ধ থেকে ক্ষান্ত হবো না। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত...’। এইদিকে যুক্তরাজ্য সরকার এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসাবে বিবেচনা করিয়া প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়াছে।
ব্রিটেনের মুসলিম বিদ্বেষী সংগঠন ইংলিশ ডিফেন্স লীগের নেতা-কর্মীরা ইহারই মধ্যে ঘটনাস্থলে সমবেত হইয়া বিক্ষোভ প্রদর্শন করিয়াছে। প্রধানমন্ত্রী ক্যামেরন এই ঘটনার পর ইউরোপ সফর সংক্ষিপ্ত করিয়া দেশে ফিরিয়া আসেন এবং এক প্রতিক্রিয়ায় বলেন,‘এই ধরনের হামলা আমাদের আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে মাত্র।’ এই হত্যাকাণ্ডের পর দুইটি মসজিদে হামলা হইয়াছে এবং মুসলিম কমিউনিটিতে দেখা দিয়াছে উদ্বেগ ও উত্কণ্ঠা। তবে উলউইচের একজন স্থানীয় মুসলিম ব্যক্তি দাবি করিয়াছেন যে, হামলাকারী ইসলাম কিংবা মুসলিম কোনটারই প্রতিনিধিত্ব করে না। মুখে ‘আল্লাহু আকবার’ বলিয়া যে কেহ এই ধরনের অপরাধ সংঘটিত করিতে পারে।
বস্তুত,নাইন ইলেভেনের ভয়াবহ সন্ত্রাসী ঘটনার পর পৃথিবী আমূল বদলাইয়া গিয়াছে। ইহার পর আফগানিস্তান ও ইরাকে হামলা পরিচালিত হয়। তাহার পার্শ্বপ্রতিক্রিয়ায় পাকিস্তানে শুরু হয় ড্রোন বিমান হামলা। বর্তমানে নাইজেরিয়া ও মালিসহ আফ্রিকার অনেক দেশেও যুদ্ধাবস্থা বিরাজমান। মালিতে সরাসরি ফ্রান্সের সেনাবাহিনী লড়াইরত। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশেও কমবেশি অশান্তি ও বিবাদ রহিয়াছে। গুয়ানতানামো বে কারাগারে অকথ্য নির্যাতনের কথা কাহারও অজানা নহে। বিশেষত ইরাক ও আফগানিস্তানে বহুজাতিক বাহিনী হামলার পর লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাইয়াছেন। এখনও রক্তপাত শেষ হয় নাই। আফগানিস্তানে যুদ্ধ করিয়াছেন ব্রিটেনের প্রিন্স স্বয়ং। এমতাবস্থায় নিজ দেশেও ব্রিটেনের সেনারা কাহারও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হইতে পারেন। কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত না করা পর্যন্ত তাহা নিশ্চিত হওয়া যায় না।
এক সময় কমিউনিজমের বিরুদ্ধে শক্তিশালী দেশগুলি সোচ্চার ছিল। এখন ইসলাম আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হইয়াছে এমন কথাও অনেকে বলিয়া থাকেন। ইহার একটি কারণ এই হইতে পারে যে, সভ্যতার দ্বন্দ্বে ( ক্ল্যাশ অব সিভিলাইজেশন) ইসলাম পাশ্চাত্য সভ্যতার প্রধান প্রতিদ্বন্দ্বী। খোদ ব্রিটেনে এক সময় খ্রিষ্টান সম্প্রদায়সংখ্যালঘুতে পরিণত হইতে পারে বলিয়া কয়েকদিন আগেও ভবিষ্যদ্বাণী করা হইয়াছে। সেখানে মুসলিম অভিবাসী ও জনসংখ্যা বৃদ্ধির হার ৭৫ ভাগ। মূলধারার ব্রিটিশ নাগরিকদের মধ্যে ইহার প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাহারা আজ ইসলামোফোবিয়ায় আক্রান্ত। আবার আমরা জানি ‘কুল্লু মুসলিমুন ইখওয়ানুন।’ অর্থাত্ মুসলমান মাত্র ভাই ভাই ও এক দেহ স্বরূপ। অতএব, মুসলমানরা কোন অঞ্চলে আক্রান্ত ও নির্যাতিত হইলে তাহারও সমান প্রতিক্রিয়া দেখা দেওয়াটাই স্বাভাবিক।
মোদ্দাকথা, এই পৃথিবীকে বাসযোগ্য করিয়া তুলিতে হইলে অতীত হইতে এই শিক্ষা গ্রহণ করিতে হইবে যে, কেহ বলপূর্বক কোন দেশ ও জাতিকে বেশিদিন দখল করিয়া রাখিতে পারে না। আর শান্তিতে একত্রে বসবাস করিবার মূলমন্ত্র হইল, সাধারণ ধর্ম বিশ্বাস অনুযায়ী নিজের জন্য যাহা ভাল তাহা অন্যের জন্যও ভাল মনে করিতে হইবে।