স্মরণ

বিদ্রোহী:প্রথম আণবিক বোমা

৬ আগষ্ট ১৯৪৫। হিরোশিমার আকাশে কেয়ামতের সিঙ্গার নিনাদে ঘটল মহাবিস্ফোরণ। লিটল-বয়। তিনদিনের ব্যবধানে নাগাসাকির আকাশে ফ্যাট-ম্যানের উল্লসিত ফেটে পড়া। এই ঘটনার তেইশ বছর আগে বাংলা বর্ণমালায় সৃষ্ট পৃথিবীর প্রথম আণবিক বোমাটির বিস্ফোরণ ঘটেছিল এই বাংলায়- এই ভারতবর্ষে। একুশ বছরের এক ছন্নছাড়া তরুণ কবির হাতে। বোমাটি পড়ল গিয়ে লুণ্ঠনের আলামত কোহিনূরশোভিত মুকুটধারী রাজা ষষ্ঠ জর্জের ঠিক মস্তকে। ‘আমি চির-উন্নত বীর- বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি এক চির-উন্নত শির!” রাজা আতঙ্কিত। পলাশী থেকে দিল্লি। টিপু সুলতান রানি লক্ষ্মীবাঈ ক্ষুদিরাম সূর্য সেন। মহাবিপ্লবের মহান নেতা বাহাদুর শাহ। কোনো লড়াই কোনো জীবনদানে ভয় পেল না রক্তচক্ষু বেনিয়া শাসক। বিস্ফোরণের শব্দে এই প্রথম মুখোমুখি অতঙ্কের। বোমাটির নাম ‘বিদ্রোহী’। কোথাকার কোন অখ্যাত নজরুল ‘আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ।’ রাজা-রানির দুর্ধর্ষ সন্তানরা মাইক্রোস্কোপ দিয়ে ‘বিদ্রোহী’র মধ্যে সন্ধান করল কোমর বাঁধা রশি আর ডান্ডাবেড়ির অজুহাত। কিন্তু হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মিথে সৃষ্ট এই ‘বিদ্রোহী’ বোমার মধ্যে অজুহাত খুঁজতে গিয়ে এক পা এগোয় তো তিন পা পেছোয়। ধরার ছুতায় ওতপেতে থাকল। ধরলও। অন্য ঘাটে। ম্যাজিস্ট্রেট সুইনহোরের কোর্ট। ইনি আবার কবি! আদালতে দাঁড়িয়ে আরেক অমর সৃষ্টি রাজবন্দীর জবানবন্দি। প্রহসনের বিচার। রায়ে সশ্রম কারাদণ্ড। সাধারণ কয়েদির ডোরাকাটা অদ্ভুত হাফ-ড্রেস। একখানি গামছা কাম চাদর। শজারু কম্বল। কোমরে দড়ি বাঁধা। জাতীয় জাগরণের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। পরের ঘটনা ‘স্বরাজ-টরাজ বুঝি না’ আগে চাই স্বাধীনতা। বেসামাল ব্রিটিশ। বাজেয়াপ্ত হতে থাকল তাঁর বই। এবার ফিরে যেতে পারলে বাঁচে ’৪৭-এ জাতিতত্ত্বের বিভক্তির স্বাধীনতা। খাড়া হলো চিরদিনের বিষবৃক্ষ। ভারতবর্ষে আজ একাধিক জাতির পিতা। এই জনকদের পেছনের স্রষ্টা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এ কি কোনো অত্যুক্তি? বাইশ-তেইশ বছরের সৃষ্টিশীল জীবন তাঁর। মাত্র এগারো বছর সঙ্গীতের। জালিয়ানওয়ালাবাগ গণহত্যায় নাইট উপাধি পথের ধুলোয় ছুঁড়ে ফেলে দেয়া সর্বগ্রাসী কবিগুরুর চেয়ে অন্তত দু’টি ক্ষেত্রে তিনি এগিয়ে। সঙ্গীতে আর নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোয়। অবশ্য নজরুল-জীবনে রবীন্দ্রনাথই বড় আশ্রয়-প্রশ্রয়। সত্য সুন্দর আর ন্যায়ের বিপরীতে এমন একটি পর্বতও খুঁজে পাওয়া যাবে না যা বিদ্রোহী নামক তরবারির আঘাতে ক্ষত-বিক্ষত হতে ছিল অবশিষ্ট। নজরুল-জীবনের কবি, যৌবনের কবি। কুলি-মজুর চাষাভুষা আমজনতার কবি। প্রেমের এবং প্রার্থনার কবি। তিনি তাবত্ পৃথিবীর স্বাধিকার আর স্বাধীনতাকামী মানুষের আপসহীন মুয়াজ্জিম। ‘বিদ্রোহী’ আণবিক বোমার কবি আজ খণ্ডিত স্বদেশের বাংলাদেশ নামক মানচিত্রের ছায়া শীতল মৃত্তিকায় শায়িত। বিদ্রোহী কবিতার শতবর্ষপূর্তির বাকি মাত্র কয়েক বছর। ব্রিটিশের চাষ করা শোষণের এই উর্বর মাটিতে অন্যায় অত্যাচার অবিচার জুলুমের মাত্রা কোনোভাবেই থেমে নেই। বড় কষ্ট এতোকালেও কাব্যখ্যাত বাংলায় জন্ম হলো না আর একজন ক্ষুদে বিদ্রোহীর। কারো কানে পৌঁছল না শোষিত বঞ্চিত নিষ্পেষিত মজলুমের আকাশ বিদীর্ণ চিত্কার। তাই আজো তিনিই প্রাসঙ্গিক ‘আমি সেই দিন হব শান্ত, যবে উত্পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না।’ আপন স্থিতি নিয়ে নিজেরই মহাঘোষণা- ‘আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দিব না ভুলিতে।’ তাঁকে অভিষিক্ত করার শব্দ বাংলা ভাষায় অনুপস্থিত। হে বিদ্রোহী, হে মহান কবি, তুমি যথার্থভাবে অভিষিক্ত হবে ভাবীকালের কবিদের শব্দসম্ভারে। লেখক :কবি