কৃষি ও কৃষকবান্ধব ঋণব্যবস্থা
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২১:৩১
আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান ব্যাপক। দেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদানের ব্যাপকতা বিবেচনায় এনে কৃষি ও পল্লী ঋণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সাম্প্রতিক বছরগুলোতে পরিবর্তন আনা হয়েছে কৃষিঋণ বিতরণ ও তদারকিতে। এখন দেশের সব বাণিজ্যিক ব্যংকের জন্য কৃষিঋণ বিতরণ বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ক্রমাগত চাপের কারণে বেসরকারি ব্যাংকগুলো কৃষিখাতে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে। ফলে প্রতিবছর কৃষিঋণের পরিধি বাড়ছে। কৃষিঋণের তালিকায় নতুন নতুন খাত ও পণ্য যুক্ত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকসূত্রে জানা গেছে, ২০১৩-২০১৪ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করা হবে আগামী জুলাইয়ে। এবারের নীতিমালায় আরো বেশি সংখ্যক মানুষকে ব্যাংকিং সুবিধায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। কয়েক বছর আগেও খাদ্যপণ্য আমদানিতে বছরে প্রায় দুই বিলিয়ন ডলার খরচ হতো। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়তো। এ অবস্থা থেকে বেরিয়ে আসার লক্ষ্যেই কৃষিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের অর্থনীতির মূল লক্ষ্য দারিদ্র্য নির্মূল। এটা করতে হলে কৃষিখাতকে উত্সাহিত করা ছাড়া বিকল্প নাই।
২০১২-২০১৩ অর্থবছর শেষ হতে আর বেশি সময় বাকি নেই। জুলাই ২০১২ থেকে মার্চ ২০১৩ পর্যন্ত নয় মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ১০ হাজার ২০ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার শতকরা ৭১ ভাগ। পুরো অর্থবছরে বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে ১৪ হাজার ১৩০ কোটি টাকা। ব্যাংক থেকে যত্সামান্য ঋণ পেতে এদেশের কৃষককে সীমাহীন ঝক্কি-ঝামেলা পোহাতে হয় সব সময়। মূল দলিল ব্যাংকে বন্ধক রেখে ঋণ নিলেও কৃষককে প্রাপ্তঋণের একটা বড় অংশ ঘুষ ও কমিশন দিতে হয় সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা ও দালালকে। এ নিয়ে অনেক অভিযোগ উঠেছে। প্রতিকারের জন্য নানা মহল থেকে দাবি উঠেছে। ব্যাংক থেকে ১০ হাজার টাকা কৃষিঋণ নিতে গিয়ে দুই থেকে তিন হাজার ঘুষ ও কমিশন হিসেবে চলে যায় দালাল ও ব্যাংক কর্মকর্তার পকেটে। এ অবস্থায় লাভের গুড় যদি পিঁপড়ায় খায় তাহলে সাধারণ দরিদ্র কৃষক সে ঋণ যথাসময়ে ব্যাংকে পরিশোধ করবে কীভাবে?
বর্তমানে বাংলাদেশের অধিকাংশ কৃষক নানা দুর্দশা আর বিপর্যয় মোকাবেলা করে ধুঁকে ধুঁকে কোনোভাবে বেঁচে আছে। এখন আক্ষরিক অর্থেই কৃষকের হয়েছে মরণ দশা। একদিকে উত্পাদিত ফসলের ন্যায্যমূল্য পায় না সে, অন্যদিকে ব্যাংক থেকে নেওয়া কৃষিঋণ অনাদায়ের কারণে সার্টিফিকেট মামলায় দায়েরকৃত ওয়ারেন্টের খড়গ। এখন মামলার জালে আটকা পড়েছে সারা দেশের দুই লাখ কৃষক। কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, কৃষি শ্রমিকের দুষ্প্রাপ্যতা, উত্পাদন খরচের কয়েকগুণ বৃদ্ধি ইত্যাদি ব্যাপারগুলো সামলাতে গিয়ে অধিকাংশ কৃষকের নাভিশ্বাস অবস্থা এখন।
দেশের বিভিন্ন প্রান্তে কৃষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ফলে তাদের অনেককেই পালিয়ে বেড়াতে হচ্ছে। এসব কৃষকের কাছে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ৬টি ব্যাংকের মোট পাওনার পরিমাণ ৫১৮ কোটি টাকা।
কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রাণ প্রবাহ। আর কৃষক পরিবারের ওপর নির্ভর করে বাংলাদেশের অর্থনীতি। গার্মেন্টসশিল্প খাতে বিপুলসংখ্যক শ্রমিক এসেছে কৃষক পরিবার থেকেই। আর বিদেশে কর্মরত বাংলাদেশি জনশক্তি যাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা রয়েছে— সেইসব অদক্ষ ও আধাদক্ষ শ্রমিকের বেশিরভাগই কৃষক পরিবারের সদস্য। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দেওয়ার দায়িত্ব কৃষকের। তবে এজন্য তাকে সময় ও সুযোগ দিতে হবে। বাংলাদেশের কৃষক সমাজ দুর্বল অবস্থানে থাকে সব সময়। এই সুযোগে তাদেরকে নানাভাবে হয়রানি করে অনেকেই। জাতীয় অর্থনীতিতে কৃষকরা সবসময় গঠনমূলক ভূমিকা রেখে এলেও তাদেরকে অনাদায়ী কৃষিঋণের কারণে মামলা দিয়ে হয়রানি করা হয়। তাদেরকে হয়রানি না করে ন্যায্যমূল্যে সার, বীজ, কীটনাশক, ওষুধ, কৃষি যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাদের উত্পাদিত কৃষিপণ্য, ফসল ন্যায্যমূল্যে বাজারজাত করার সুযোগ দিতে হবে।
কৃষিঋণ বিতরণে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে অতীত থেকেই। এখনও রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকগুলো এক্ষেত্রে এগিয়ে আছে। বাংলাদেশ ব্যাংকের বার বার নির্দেশনার ফলে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষিঋণ বিতরণ কার্যক্রম শুরু করলেও তা এখনও তেমন গতিশীল নয়। তারা কৃষি ক্ষেত্রে বড় ধরনের বিনিয়োগে তেমন উত্সাহ দেখাচ্ছে না। এতে করে কৃষক পর্যায়ে ঋণ বিতরণের পরিমাণ প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না। কৃষিঋণের বিষয়ে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর আগ্রহের অভাব সত্যি দুঃখজনক। বিদেশি মালিকানাধীন অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের অবস্থা আরো শোচনীয়। শিল্পঋণ, চলতি মূলধন ঋণ এবং ভোক্তা ঋণ দেওয়ার ব্যাপারে তাদের যে উত্সাহ তার ছিটেফোঁটাও নেই কৃষিঋণ বিতরণে। কৃষিঋণ দেওয়ার ক্ষেত্রে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো নানা গড়িমসি করছে। অজুহাত হিসেবে তারা গ্রামাঞ্চলে তাদের ব্যাংকগুলোর শাখা না থাকাকে গুরুত্ব দিয়ে জানিয়েছে। সাম্প্রতিক সময়ে আরো বেশ কয়েকটি নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে ফারমারস ব্যাংক এবং সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক নামে দুটি ব্যাংক রয়েছে। নাম অনুযায়ী আমরা আশা করছি, এ ব্যাংকগুলো আমাদের কৃষকদের কল্যাণে বেশ জোরালো ভূমিকা পালন করবে। আমাদের প্রত্যাশা, দেশের অর্থনীতির প্রাণ কৃষির কল্যাণে এসব ব্যাংক সঠিক ভূমিকা রাখবে এবং কৃষকবান্ধব ব্যাংক হিসেবে জাতীয় অগ্রগতিতে অনুকূল প্রভাব ফেলবে।
ঢাকা