সর্বদলীয় নির্বাচনকালীন সরকার
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২১:৩১
দেশের সকল মানুষই চায় প্রতিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। বর্তমান প্রেক্ষাপটে এর জন্য দরকার সঠিক একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস এবং নির্বাচনে কারচুপি প্রচেষ্টার সংস্কৃতির কারণে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মতো একটি বিকল্প সরকারের দ্বারা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করা হয় বিগত দিনগুলোতে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গত তিনটি জাতীয় নির্বাচনের ফলাফল রাজনৈতিক দলগুলো নির্দ্বিধায় মেনে নেয়নি। অর্থাত্ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিও শতভাগ আস্থা স্থাপিত হয়নি। প্রকৃতপক্ষে গণতান্ত্রিক সরকারব্যবস্থায় নির্বাচনকালীন অনির্বাচিত অরাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কোনো স্থায়ী পন্থা হতে পারে না। ইতিমধ্যে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধনের মাধ্যমে ঐ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছে। এঅবস্থায় বিরোধী রাজনৈতিক দলের দাবি আগের মতোই নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন সম্পন্ন করা। সরকার আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করার পক্ষে। কিন্তু এ ক্ষেত্রে আমলে নেওয়ার বিষয় হচ্ছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ফলাফল ‘দলীয়’ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মেনে নেবেন কিনা। কারণ নির্দলীয় অরাজনৈতিক এবং রাজনীতিতে অনভিজ্ঞ অনির্বাচিত ব্যক্তি দ্বারা গঠিত তত্ত্বাবধায়ক সরকার জনগণের কাছে মোটেও দায়বদ্ধ নয়। তাই প্রয়োজন সঠিক একটি নির্বাচনকালীন সরকারব্যবস্থা যেটি জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আর এজন্য নির্বাচনকালীন ‘নির্দলীয়’ তত্ত্বাবধায়কের পরিবর্তে ‘সর্বদলীয় নির্বাচনকালীন সরকার’ ব্যবস্থার বিধান করা যায় কিনা বিবেচনা করা যেতে পারে। যার মেয়াদ হবে অতি সংক্ষিপ্ত— একমাস বা দুইমাস। যেখানে সব দলের দলীয় নির্বাচিত প্রতিনিধি থাকবেন এবং সকলে মিলে একজন প্রধান নির্বাচন করবেন যিনি নির্দলীয় নিরপেক্ষ সত্ এবং দেশের বরেণ্য একজন স্বনামধন্য ব্যক্তিত্ব হবেন। অন্যরা সকলেই দলীয় এবং নির্বাচিত সম্মানিত শ্রদ্ধেয় প্রবীণ সদস্য হবেন। যাঁরা পরবর্তী সময়ে আর নির্বাচিত হওয়ার ইচ্ছা পোষণ করবেন না। এর মাধ্যমে প্রতি পাঁচ বছর অন্তর দশজন প্রবীণ সম্মানিত শ্রদ্ধেয় রাজনীতিক অবসরে যাওয়ারও একটা সুযোগ তৈরি হবে এবং নবীন রাজনীতিকদের জন্য স্পেস তৈরি হবে। তাছাড়া অনির্বাচিত ব্যক্তির দ্বারা রাষ্ট্রক্ষমতা দখলের ভয়ও থাকবে না। সর্বোপরি এ ধরনের একটা সর্বদলীয় নির্বাচনকালীন সরকার দ্বারা পরিচালিত নির্বাচন নিয়ে আর কোনো বিতর্কও থাকবে না।
চট্টগ্রাম