ওয়াশিংটনে সেতু ভেঙ্গে নদীতে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের একটি সেতু আংশিক ধসে পড়ায় কয়েকটি গাড়ি ও কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর সিএনএন ও এএফপির। কর্মকর্তারা বলেছেন, একটি ট্রাক সেতুর একটি স্প্যানে আঘাত করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর তিনজনকে নদী থেকে তোলা হয়েছে। তবে কেউ মারাত্মক আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। সিয়াটলের ৬০ মাইল উত্তরে স্কাজিট নদীর ওপর নির্মিত একটি সেতুর একাংশ ধসে নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। ওয়াশিংটনের গভর্নর জে ইন্সলি ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, কেউ হতাহত না হওয়াটা আমাদের জন্য ভালো খবর। তিনি বলেন, নদী থেকে তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাতে ঘটনার পর উদ্ধার অভিযান চালায় এবং ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। স্ট্রাজিট কাউন্টির শেরিফ উইল রিচার্ডট সাংবাদিকদের বলেন, মনে হচ্ছে উদ্ধারকৃত তিন ব্যক্তি ছাড়া পানিতে আর কেউ নেই। আমরা উদ্ধার তত্পরতা বন্ধ করেছি। ১৯৫৫ সালে সেতুটি নির্মাণ করা হয়।