ভারী বর্ষণে টঙ্গী ও গাজীপুরে জলাবদ্ধতা
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২২:২৪
টঙ্গী সংবাদদাতা জানান, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত থেমে থেমে ভারী বর্ষণে আবারো অচল হয়ে পড়ে গোটা শিল্পনগরী টঙ্গী। টঙ্গী পৌরসভা কর্তৃপক্ষের ব্যর্থতায় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ভারী বর্ষণের পানি অধিকাংশ রাস্তাঘাট, বাসাবাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান, কলকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে।
টানা বর্ষণের ফলে টঙ্গী পৌরসভার মূল ভবন, টঙ্গী মডেল থানা, টঙ্গী পৌর অডিটোরিয়াম, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্র, বই- পুস্তক ভিজে নষ্ট হয়েছে। এমনকি টঙ্গীর বিভিন্ন স্থানে পুকুর ও মত্স্য খামারের লাখ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। এছাড়া দোকানপাটসহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে টঙ্গী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে অনেককে জাল দিয়ে মাছ শিকার করতে দেখা গেছে। সকালে ঘুম থেকে উঠে সব কিছু প্ল¬াবিত দেখে সবাই ব্যস্ত হয়ে উঠেন নিজ নিজ প্রতিষ্ঠানের মালামাল রক্ষার কাজে। শেষরাতে নিচতলার বাসিন্দারা আশ্রয় নেন উপরের তলায় অথবা বাড়ির ছাদে। কাঁচা, আধাপাকা ও পাকা বাড়ির বাসিন্দারা ইট দিয়ে খাট বা চৌকি উঁচু করে গৃহস্থালি জিনিসপত্র রক্ষার চেষ্টা করেন। বিশেষ করে বস্তি এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হন। আউচপাড়া কলেজ রোড, সুরতরঙ্গ রোড, সফিউদ্দিন সরকার একাডেমী রোড, মোক্তারবাড়ি রোড, সুলতানা রাজিয়া রোড, হাজী ইউসুফ আলী রোড, স্কুইব রোড, সাতাইশ রোডসহ দত্তপাড়ার প্রায় প্রতিটি শাখা রোড, সিইআরএস রোড, মেঘনা রোড এবং গাজীপুরা, এরশাদনগর, দেওড়া, মুদাফা, মরকুন, গোপালপুর, পাগাড়, ফকির মার্কেট, মিরাশপাড়া, পূর্ব ও পশ্চিম আরিচপুরের অধিকাংশ রাস্তা ছিল হাঁটু পানির নিচে।
গতকাল সারাদিন টঙ্গীর অধিকাংশ এলাকার মানুষ ছিল পানিবন্ধী। সরকারি- বেসরকারি সেবাদানমূলক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাসপাতাল, থানা, এমনকি নবগঠিত সিটি করপোরেশন কার্যালয়ও ছিল হাঁটু পানির নিচে। টঙ্গী সরকারি হাসপাতালের নিচতলা প্ল¬াবিত হওয়ায় সেখানে জরুরি বিভাগের চিকিত্সা কার্যক্রমও ব্যাহত হচ্ছিল। দিনব্যাপী থানার প্রধান ফটক ছিল কোমর পানির নিচে। ফলে থানায় পুলিশের গাড়িসহ যান চলাচল প্রায় বন্ধ ছিল।
গাজীপুর প্রতিনিধি জানান, গত দুইদিনের প্রবল বর্ষণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থান তলিয়ে গেছে। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার উত্তরপার্শ্বে উল্কা সিনেমা হলের সামনে, ভোগড়া বাইপাস, বাসন সড়ক, সাইনবোর্ড, কুনিয়া এলাকায় এ মহাসড়কটি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে ওইসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়ে অফিসগামী যাত্রী ও পথচারীরা। এছাড়া দুইদিনের টানা বর্ষণের ফলে জলাবদ্ধতার কারণে ওই সমস্ত এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসাবাড়িতে পানি উঠেছে।
মহাসড়কের কোথাও কোথাও হাঁটু পানির নিচে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মক বিঘ্নিত হয়। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে অত্যন্ত ধীর গতিতে মারাত্মক ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছে। এতে যাত্রী ও পথচারীরা ঘণ্টার পর ঘণ্টা অসহনীয় দুর্ভোগে পড়েছেন। এছাড়া বিভিন্ন শাখা রোড পানিতে তলিয়ে যাওয়ায় যাতায়াতে এলাকার লোকজন চরম ভোগান্তিতে পড়েন।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জে দিনভর বৃষ্টির কারণে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শহরের রাস্তাঘাটে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি জমে থাকার কারণে চলাচলেও সমস্যার সৃষ্টি হচ্ছে। ক’দিন ধরে টানা আবার কখনও থেমে থেমে এই বৃষ্টির কারণে ফসলেরও ক্ষতি হচ্ছে। শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার শত শত একর জমির উঠতি বোরো ধান তলিয়ে গেছে। শ্রীনগরের রাঢ়ীখালের কৃষক আবু সাঈদ (৫০) জানান, ধান উঠার মুহূর্তে এমন বৃষ্টি তিনি কখনও দেখেননি। বিলের দিকে তাকালে মনে হয় যেন ভরা বর্ষা। আকস্মিক সব তলিয়ে গেছে। এদিকে অপরিকল্পিকভাবে ভরাটের কারণে ঢাকা-মাওয়া মহাসড়কে আব্দুল্লাপুর এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হয়। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার বিকাল ৬টা পর্যন্ত) এখানে ১৫০ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই তথ্য দিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিফতরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান জানান, বৃষ্টিতে এখানে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, গতকাল শুক্রবার দুপুরে মুষলধারায় বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে চাটমোহরসহ চলনবিল অঞ্চলের সাধারণ মানুষ। এতে চাটমোহর পৌর শহরের বিভিন্ন রাস্তা, মহল্লায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির সময় বজ পাতে মারা গেছে একটি গাভী। দুর্ভোগে পড়তে হয়েছে রাস্তায় চলাচলকারীদের। ভোগান্তি নেমে আসে নিম্ন আয়ের মানুষের। এদিকে চাটমোহরসহ চলনবিল অঞ্চলের আধাপাকা ধান পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে এ মৌসুমের ফসল পাট। কৃষক এখন দিশেহারা। অনেকে আধাপাকা ধান কেটে তুলছে।
কৃষকরা জানান, শুক্রবার দুপুরের প্রবল বর্ষণে ফসলের ক্ষতি হয়েছে। টানা বর্ষণে উঠতি মৌসুমের ইরি-বোরো ধানের জমি পানিতে ডুবে গেছে। পাটক্ষেতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে উপজেলার নিম্নাঞ্চলে ক্ষতি হয়েছে বেশি। অন্যদিকে চাটমোহর পৌর শহরে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় বজ পাতে উপজেলার জালেশ্বর গ্রামে মারা গেছে একটি গাভী। এ সংবাদ লেখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত ছিল।
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। বর্ষণে স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকের রবিশস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকরা জানান, মহাসেনের বর্ষণের পানি এবং গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে ক্ষেতে রোপণকৃত মরিচ, ঢেঁড়স, মুগডাল, পুঁইশাকসহ মৌসুমী ফসলের অপূরণীয় ক্ষতি হয়। এদিকে ক্ষেতের সবজি নষ্ট হওয়ায় বাজারে চড়ামূল্যেও তরিতরকারি পাওয়া যাচ্ছে না।