টর্নেডো বিধ্বস্ত ওকলাহোমায় পর্যাপ্ত বেসমেন্ট নেই
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২২:২৪
যুক্তরাষ্ট্রের প্রলয়ংকরী টর্নেডোয় বিধ্বস্ত ওকলাহোমায় এ ধরনের দুর্যোগ থেকে বাঁচার জন্য পর্যাপ্ত বেইজমেন্ট নেই। গত সপ্তাহের এই টর্নেডোয় আর্থিক ক্ষতির পরিমাণ দুইশ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যেসব এলাকায় টর্নেডো আঘাত হানে এলাকায় কর্তৃপক্ষের অতিপরিচিত উপদেশ- আপনার বাড়ির বেইজমেন্টে আশ্রয় নেন। যুক্তরাষ্ট্রের যে কোন রাজ্যের চেয়ে ওকলাহোমায় বেশি শক্তিশালী টর্নেডো আঘাত হানলেও এই রাজ্যের ওকলাহোমা সিটির খুব কম বাড়িতেই বেইজমেন্ট আছে। এক বাড়ি নির্মাতা জানান, মুর শহরের মাত্র ২ ভাগ বাড়ির বেইজমেন্ট আছে এবং ১০-১৫ ভাগ বাড়িতে এক ধরনের সেল আছে। বাসিন্দাদের ধারণা, এখানে পানির স্তর ও কাদামাটির কারণে ভবনের বেইজমেন্ট নির্মাণ করা কঠিন। এটি ভুল ধারণা বলে জানান বেইজমেন্ট নির্মাণ সংস্থার প্রেসিডেন্ট। মুর শহরের মেয়র গ্লেন লিউইস বলেন, শহরের সব নতুন বাড়িতে বেইজমেন্ট নির্মাণ বাধ্যতামূলক করে অর্ডিনেন্স জারি করবেন।
এর আগে ওকলাহোমায় বহু টর্নেডো খোলা এলাকার ওপর দিয়ে বয়ে গেছে, কিন্তু এবারের ঝড় আবাসিক এলাকায় আঘাত হানায় এত প্রাণহানি ঘটেছে। বহু বাড়িঘর শক্ত মাটির ওপর তৈরি ছিল, মাটির নিচে সেগুলোয় কোনো ঘর (বেইজমেন্ট) ছিল না। কাজেই বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে যাওয়ার কোনো জায়গা ছিল না। সোমবারের এই প্রাকৃতিক দুর্যোগে ৯টি শিশুসহ কমপক্ষে ২৪ জন নিহত ও কয়েকশ লোক আহত হয়। গত সোমবার বিকালের এই টর্নেডোর তাণ্ডবে ওকলাহোমা সিটির শহরতলী এলাকা মাটির সঙ্গে মিশে গেছে। টর্নেডো এর গতিপথে দুই ডজনেরও বেশি স্কুল ও একটি হাসপাতালসহ সব বাড়িঘর ধ্বংস করে গেছে। দক্ষিণাঞ্চলে মুর নামে ছোট শহরের ওপর এই টর্নেডো তাণ্ডব চালায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে। এর পরের দিন ক্ষয়ক্ষতি পরিমাপ করার সময় দেখা যায়, টর্নেডোর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৩২২ থেকে ৩৩৮ কিলোমিটার। এর বিস্তৃতি ছিল তিন কিলোমিটার। প্রায় ৩৬ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে এর ধ্বংসযজ্ঞ চলে। খবর সিএনএনের।
শক্তিশালী এই টর্নেডো গাড়িগুলো উড়িয়ে নিয়ে ফেলে বাড়িঘর এবং দোকানবাজারের ধ্বংসস্তূপের ওপর। ওকলাহোমায় জাতীয় আবহাওয়া সংস্থার ঝড় পূর্বাভাস কেন্দ্রের এক কর্মকর্তা জানান, এ ধরনের ঘটনার যত আগে সম্ভব পূর্বাভাস দেয়া হয়। এখানকার বাসিন্দারা বিরূপ আবহাওয়ার সঙ্গে খুবই পরিচিত। তারা টর্নেডো সম্পর্কেও জানে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এধরনের ভয়াবহ ঘটনা সম্পর্কে মানুষকে জানাতে খুব সামান্য কিছুই করার থাকে। ওকলাহোমার মুর এলাকায় প্রায় ৫৫ হাজার মানুষ বাস করত। স্থানীয় সময় বেলা প্রায় তিনটা এক মিনিটে টর্নেডো আঘাত হানে। এর মাত্র ১৬ মিনিট আগে এর ভয়াবহতা সম্পর্কে সতর্কতা জারি করতে পারে। আঘাত হানার পাঁচ মিনিট আগে সতর্কতার মাত্রা বাড়ানো হয়। সাধারণত টর্নেডো আঘাত হানার ৮-১০ মিনিট আগে সতর্ক করা যায়।
টর্নেডোর পর মার্কিন আবহাওয়া দপ্তর জানিয়েছিল, টর্নেডো পরিমাপের ৫ পয়েন্ট ফুজিতা স্কেলে এই ঝড়ের শক্তির মাত্রা ছিল ৪ অর্থাত্ এটি ছিল ঝড়ের শক্তির পরিমাপে দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ঝড়। কিন্ত পরের দিন মঙ্গলবার ক্ষয়ক্ষতি পরিমাপের সময় বলা হয়, সেদিন ৫ মাত্রার টর্নেডো আঘাত হেনেছিল।
রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর ল্যাম্ব বলেছেন, মুর টর্নেডোর জন্য প্রস্তুত ছিল, তবে এত শক্তিশালী ঝড় আসছে তা তারা বুঝতে পারেন নি। সতর্কতা জারি করা হয়েছিল ঠিকই, কিন্তু এত শক্তি নিয়ে দুই মাইল ব্যাসার্ধের এই ঝড় ৪৫ মিনিটের জন্য যেভাবে তাণ্ডব চালিয়েছে, তার মুখে যা পড়েছে তাই লণ্ডভণ্ড হয়ে গেছে। ওকলাহোমার মুর শহরে প্রচণ্ড শক্তিশালী এক টর্নেডো আঘাত হেনেছিল ১৯৯৯ সালের মে মাসে। সেসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল এ যাবত্ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড়ের রেকর্ড। প্রায় পাশাপাশি এলাকায় ৩ মে ঘণ্টায় ৫১৭ কিলোমিটার বেগে আঘাত হানা সেই টর্নেডোয় ৪৪ জন নিহত হয়েছিল।