খোলা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ
ভোলার ৩৫ হাজার মানুষ পানিবন্দী
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২২:২৫
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দশ গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মেঘনায় পূর্ণিমা জোয়ারের পানি বৃদ্ধির ফলে খোলা বেড়িবাঁধ দিয়ে গ্রামগুলোতে পানি প্রবেশ করে।
গতকাল শুক্রবার শত শত অসহায় পরিবারকে মাচার উপর কোনরকমে আশ্রয় নিতে দেখা গেছে। এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোও পানিতে ডুবে গেছে। কিছু পরিবারকে ঘরবাড়ি সরিয়ে অন্যত্র চলে যেতে দেখা গেছে। গতবছর বোরহানউদ্দিনের আলিমুদ্দিন-বাংলাবাজার থেকে দৌলতখানের সৈয়দপুর পর্যন্ত প্রায় ৩ কিঃমিঃ বেড়িবাঁধ ভাঙ্গার পর মেরামত করা হয়নি। এতে চলতি বছর পুরোনো বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে পড়লে মানুষ পানিবন্দী হয়ে পড়ে।
গতকাল মেঘনা তীরে দক্ষিণ বাটামারা গ্রামের মো. হোসেন, জিয়া হাওলাদার, হাবিবুল্লাহ সারেং, গিয়াসউদ্দিনসহ আরো অনেকে অভিযোগ করেন, প্রায় ৩ মাস আগে এ এলাকার সংসদ সদস্য তোফায়েল আহমেদ দ্রুত ওই ভাঙ্গনকবলিত এলাকায় ব্লক বাঁধ নির্মাণের আশ্বাস দেন। কিন্তু ব্লক বাঁধ তো দূরের কথা সাধারণ বেড়িবাঁধও করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বেড়িবাঁধ না করায় প্রায় ৫শ’ পরিবার নদীর তীর থেকে এক মাসের মধ্যে তাদের ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন। গত ৩ বছর ধরে ব্লক বাঁধের জন্য মানববন্ধন, অনশনসহ নানা ধরনের কর্মসূচি পালন করলেও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনের নজরে তা আসেনি।
বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জহিরউদ্দিন বাবর বেড়িবাঁধ না হওয়ায় প্রশাসনসহ সংশ্লিষ্ট ঠিকাদারকে দায়ী করছেন। ভোলা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আ. হান্নান জানান, স্থানীয় লোকজন জায়গা না দেয়ায় বেড়িবাঁধ করা যায়নি। তবে পূর্ণিমা জোয়ারের পর বাঁধ পুনর্নির্মাণ করা হবে।