বাংলার মাটিতে ইসলাম কোনদিন বিপদে পড়েনি
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২২:২৭
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলার মাটিতে ইসলাম কোনদিন বিপদে পড়েনি। বরং জঙ্গিবাদী জামায়াতিরাই বিপদ সৃষ্টি করছে। ইসলাম ও ধর্ম পালনে সব রকম সহযোগিতা সরকার দিচ্ছে, আগামীতেও দিবে। কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল শুক্রবার হাজী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের বিপদ হচ্ছে জঙ্গিবাদ। জঙ্গিবাদ ও সশস্ত্র জামায়াতিদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ইসলাম ও ধর্ম রক্ষায় সমাজ-গণতন্ত্রের বড় শত্রু সশস্ত্র জঙ্গিবাদী জামায়াতিদের নিষিদ্ধ ও দমন করা দরকার। তিনি আরো বলেন, হজ্ব ব্যবস্থাপনায় বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে প্রথম হয়েছে। ৪ বছর ধরে মহাজোট সরকার হজ্ব পালনে চমত্কার ব্যবস্থা করেছে। গতবারের তুলনায় আরো প্রায় ২০-৩০ হাজার বেশি হজ্বযাত্রী এবার হজ্ব পালনের সুযোগ পাবেন।
মিরপুর উপজেলা হাজী কল্যাণ পরিষদের সভাপতি হাজী সৈয়দ নিজামউদ্দিন লাইটের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক প্রমুখ।