চবিকে বাদ দিয়ে চট্টগ্রামে ডেমু ট্রেনের যাত্রা শুরু আজ

চট্টগ্রামে আজ শনিবার থেকে বহুল আলোচিত ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেনের যাত্রা শুরু হচ্ছে। প্রাথমিকভাবে চট্টগ্রামের দুটি রুটে এ ট্রেন চলাচল করবে। রুটগুলো হলো— চট্টগ্রাম-লাকসাম রুট এবং চট্টগ্রাম শহরে সার্কুলার ট্রেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে একটি ডেমু ট্রেন চলার কথা থাকলেও রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত এ রুটে ডেমু ট্রেন যাচ্ছে না। চবি কর্তৃপক্ষের সাথে কয়েকটি বিষয়ে সমঝোতা না হওয়ায় বিশ্ববিদ্যালয় রুটে ডেমু ট্রেন চালু হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানান। বাংলাদেশ রেলওয়ের (পূর্ব জোন) মহা ব্যবস্থাপক তাফাজ্জল হোসেন ইত্তেফাককে বলেন, আজ শনিবার থেকে চট্টগ্রাম-লাকসাম এবং চট্টগ্রাম সার্কুলার রুটে এক জোড়া ডেমু ট্রেন চলাচল শুরু করবে। এছাড়া চট্টগ্রাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে চলাচলের জন্য আরও একটি ডেমু ট্রেন প্রস্তুত রয়েছে। তবে চবি কর্তৃপক্ষের সাথে এখনও চুক্তির কিছু বিষয় নিয়ে সমঝোতা না হওয়ায় ট্রেনটি চালু হতে আরও কয়েকদিন সময় লাগবে। নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের এক কর্মকর্তা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামের মধ্যে বর্তমানে দুটি শাটল ট্রেন চলাচল করে। প্রতিটি ট্রেনে যাত্রী ধারণ ক্ষমতা ৫০০ থেকে ৬০০। অথচ তিন বগি বিশিষ্ট ডেমু ট্রেনের ধারণ ক্ষমতা সর্বোচ্চ ৩০০ জন। শাটল ট্রেনের পরিবর্তে ডেমু ট্রেন চালু হলে ক্যাম্পাসে আসা যাওয়ার ক্ষেত্রে চবি শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেমু ট্রেনের ভাড়া বাবদ রেল কর্তৃপক্ষ অনেক বেশি টাকা দাবি করছে। চবি কর্তৃপক্ষ এত বিশাল খরচের বোঝা বহন করতে রাজি না হওয়ায় বিশ্ববিদ্যালয় রুটে ডেমু ট্রেনের চলাচল নিয়ে সংশয় তৈরি হয়েছে। এদিকে ডেমু ট্রেনের সেবার মান নিয়ে চট্টগ্রামবাসীর মধ্যে সংশয় রয়েছে। স্থানীয় যাত্রীরা জানান, ট্রেনটিতে নানা রকমের সমস্যা রয়েছে। ট্রেনটি শীতাতপ যন্ত্র চালুর উপযোগী করে নির্মাণ করা হলেও তা স্থাপন করা হয়নি। ভেতরে ফ্যান থাকলেও তা পর্যাপ্ত না হওয়ায় নারী ও শিশু যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে। পাদানি ভেতরের দিকে থাকায় ট্রেনে উঠানামা করতে যাত্রীদের অসুবিধা হতে পারে। ৬৬২ কোটি টাকা ব্যয়ে চীন থেকে আমদানি করা এ ট্রেনগুলো রেলওয়ের জন্য এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৪ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনটি উদ্বোধনের দুই দিন পরই বিভিন্ন ত্রুটির কারণে এর চলাচল বন্ধ করে দেয়া হয়। ৩ দিন পর আবার ট্রেনটি চালু হলেও এখন পর্যন্ত ত্রুটিগুলো মেরামত করা হয়নি বলে যাত্রীরা অভিযোগ করেছেন। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনটি দিনে ১৩ বার চালানোর কথা থাকলেও বর্তমানে মাত্র তিনবার চালানো হচ্ছে।