কাল মনোনয়ন প্রত্যাহারের শেষদিন
জামায়াতকে নিয়ে ১৮ দলীয় জোটে অস্বস্তি কাটেনি, সুবিধায় মহাজোট
আনিসুজ্জামান, রাজশাহী অফিস
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২২:৩৩
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে একক মেয়র প্রার্থিতা নিয়ে ১৮ দলীয় জোটে সৃষ্ট অস্বস্তির অবসান হয়নি। শরীক জামায়াতের সঙ্গে সমঝোতার স্থানীয় উদ্যোগ ব্যর্থ হওয়ায় পর বিএনপির সমর্থিত সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল জোটের শীর্ষ নেতাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় করছেন। অন্যদিকে নাগরিক কমিটির মনোনীত ও ক্ষমতাসীন মহাজোট সমর্থিত একক মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এছাড়া সিপিবিসহ বাম জোটের আনুষ্ঠানিক সমর্থন মহাজোট সমর্থিত মেয়র প্রার্থীর জন্য আশীর্বাদ হয়ে উঠেছে।
দলীয় সূত্রে জানা যায়, রাসিক নির্বাচনী ইস্যুতে স্থানীয় বিএনপির দুই শীর্ষ নেতা মিজানুর রহমান মিনু ও অ্যাডভোকেট নাদিম মোস্তফার মধ্যেকার শীতল সম্পর্ক উষ্ণ হয়েছে। তারা দলীয় মেয়র প্রার্থী, মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে একসঙ্গে গণসংযোগ করতে সম্মত হয়েছেন। তাদের হঠাত্ সমঝোতার নেপথ্যে অভিন্ন দলীয় স্বার্থ কাজ করছে বলেও জানা যায়। এদিকে আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসনে দলীয় মনোনয়নের প্রতিশ্রুতি আদায় করে মিজানুর রহমান মিনুর দক্ষিণহস্ত বলে পরিচিত মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফিকুল হক মিলন ইতোমধ্যে তার মেয়র প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম দুলাল সাংবাদিকদের বলেন, ‘মেয়র প্রার্থী বুলবুলের পক্ষে দলের যুগ্ম-মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু এবং বিশেষ সম্পাদক ও জেলার সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা এক সঙ্গে মাঠে থাকবেন। এছাড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, অপর মেয়র প্রার্থী অ্যাডভোকেট সফিকুল হক মিলন তাদের সঙ্গে থাকবেন।’
এদিকে দলীয় একক মেয়র প্রার্থী চূড়ান্ত করেও চরম অস্বস্তিতে রয়েছে রাজশাহী বিএনপি। তারা নাগরিক কমিটির তথা মহাজোটের একক মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে বুলবুলকে ১৮ দলীয় জোটের একক প্রার্থী করতে চান। এ জন্য জামায়াতের সঙ্গে সমঝোতার চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু মেয়র পদে বিএনপির সমঝোতার প্রস্তাবে জামায়াত আগামী সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর), রাজশাহী-২ (সিটি কর্পোরেশন) ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন দলীয় প্রার্থিতা নিশ্চিত করতে চায়। অন্যথায় তারা রাসিকের মেয়র পদে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে। প্রসঙ্গত, উক্ত আসনে যথাক্রমে বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু ও অ্যাডভোকেট সফিকুল হক মিলনের প্রার্থিতা একরকম নিশ্চিত বলে দলীয় সূত্রে জানা যায়। উক্ত আসনে জামায়াত অধ্যাপক মজিবুর রহমান, আতাউর রহমান অথবা ডা. জাহাঙ্গীর ও মকবুল হোসেনকে প্রার্থী করতে চায় বলে দলীয় সূত্রে জানা যায়। তবে বিএনপি তাদের জোটের শরীক জামায়াতকে বড়জোর তিনটি ওয়ার্ড কাউন্সিলর পদে সমর্থন দিতে রাজি আছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত রাসিক নির্বাচনে বিএনপি অংশ না নিলেও বুলবুল প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ৭৫ হাজার ভোট পেয়ে আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হন। এ বিবেচনায় বিএনপি এবারো বুলবুলকেই সমর্থন দিচ্ছে। বিগত দু’টি নির্বাচনে জামায়াত একক মেয়র প্রার্থী না দিলেও এবার তাদের রাজনৈতিক অস্তিত্বের স্বার্থে ৩টি সংসদীয় আসন অথবা রাসিক মেয়রের পদটি চায়। অতীতে রাজশাহীকে বিএনপির ঘাঁটি মনে করা হলেও ২০০৮ সালের নির্বাচনে সবক’টি সংসদীয় আসনে মহাজোটের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এই বিবেচনায় আসন্ন রাসিক নির্বাচনে বিএনপি-জামায়াতের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়া সহজ হবে না। আর একারণেই বিএনপি জামায়াতের সঙ্গে সমঝোতা চায়।
এ ব্যাপারে রাজশাহী মহানগর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, ‘জামায়াতের মেয়র প্রার্থীকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। রাজশাহী সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচনে জামায়াতের একক মেয়র প্রার্থী ৪০ হাজার ভোট পেয়েছিলেন। এরপর আমাদের কোনো প্রার্থী এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এবার আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মেয়র পদে প্রার্থী দিয়েছি। তারপরও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা মেনে নেবো।’ তবে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক জামায়াত নেতা বলেন, ‘১৮ দলীয় জোটের সরকার বিরোধী আন্দোলনে স্থানীয়ভাবে বিএনপিকে পাশে পায়নি জামায়াত। ফলে সরকারি জুলুম-নির্যাতন ও মিথ্যা মামলায় জামায়াতের শীর্ষ নেতারা বছরের পর বছর ধরে কারাগারে রয়েছেন। কিন্তু জোটে থেকেও স্থানীয় বিএনপি শুধু সুবিধা নিয়েছে। কাজেই সিটি কর্পোরেশনের নির্বাচন ইস্যুতে জামায়াত জনগণের কাছাকাছি যেতে চায়।’
অন্যদিকে মহাজোটসহ বাম জোটের সমর্থন নিয়ে নাগরিক কমিটির একক প্রার্থী সদ্য বিদায়ী মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রয়েছেন বেশ সুবিধাজনক অবস্থানে। আগের নির্বাচনী প্রতিশ্রুতির বেশিরভাগই পূরণসহ পরিচ্ছন্ন এক রাজশাহী মহানগরী উপহার দেয়ায় আরেকবার লিটনকে সুযোগ দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক কমিটি। উল্লখ্য, বিগত নির্বাচনে প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানে বিএনপি-জামায়াতের সমর্থিত প্রার্থী বুলবুলকে পরাজিত করে লিটন মেয়র নির্বাচিত হলেও এবার তিনি কেমন ভোট পাবেন তা জামায়াতের সম্পর্কের উপর নির্ভর করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।
এ ব্যাপারে মেয়র প্রার্থী বুলবুলের পক্ষে গঠিত ‘সম্মিলিত নাগরিক ফোরাম’ সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম রফিকুল ইসলাম বলেন, মেয়র প্রার্থী নিয়ে যে জটিলতা হচ্ছে তা মেটাতে বিএনপি ও জামায়াতের হাইকমান্ড সমঝোতার চেষ্টা করছে। আমরা স্থানীয়ভাবেও জামায়াতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, আশা করছি সমঝোতার ভিত্তিতে জামায়াতের মেয়র প্রার্থী ডা. জাহাঙ্গীর শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করবেন।