বরিশাল সিটি নির্বাচন
সাবেক সিটি মেয়রদের সমালোচনায় হিরন
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২২:৩৩
প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী সাবেক মেয়র ও পৌর চেয়ারম্যানসহ বিরোধীদের সম্পর্কে এই প্রথমবারের মতো মুখ খুললেন মহাজোট মনোনীত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন। গতকাল শুক্রবার তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নগরীর জলাবদ্ধতা নিয়ে বিএনপি’র মানববন্ধনে সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারের বক্তৃতার সমালোচনা করে বলেন যারা ৩০ বছর পৌর চেয়ারম্যান ও মেয়রের দায়িত্ব পালন করেছেন তারাই একের পর এক খাল ভরাট করে মার্কেট নির্মাণ করেছেন। বটতলা থেকে চৌমাথা পর্যন্ত খাল ভরাট করে সেখানে মার্কেট নির্মাণ করা হয়েছে। একইভাবে সাবেক প্রেসিডেন্ট আবদুর রহমান বিশ্বাসের বাড়ির সামনের খালসহ কয়েকটি খাল ভরাট করা হয়েছে। এখন তারা মানববন্ধন করে জলাবদ্ধতার যে অভিযোগ উত্থাপন করেছেন তা ভিত্তিহীন। শওকত হোসেন হিরন বলেন, আমি মাত্র ৪ বছর ৭ মাস দায়িত্ব পালন করেছি। এরমধ্যে কাজ করতে পেরেছি মাত্র সাড়ে ৩ বছর। এই সাড়ে ৩ বছরে শুধু জলাবদ্ধতা নিরসন নয়, নগরীর উন্নয়নে কি কি ভূমিকা রেখেছি তার সাক্ষী এই নগরীর মানুষ। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন আমাকে সমর্থন দেয়ার জন্য মিথ্যা তথ্য উপস্থাপনের দরকার নেই। তবে বস্তুনিষ্ঠ সংবাদ আমি আশা করতেই পারি। সাংবাদিকদের অনুরোধ জানিয়ে বলেন, নির্বাচন পর্যন্ত আপনারা শুধু আমার মেয়াদকালে কি কি কাজ হয়েছে এবং বিগত দিনে যারা দায়িত্বে ছিলেন তারা কি কাজ করেছেন তার সঠিক চিত্র তুলে ধরলেই আমি কৃতজ্ঞ থাকবো। তিনি পুনরায় মেয়র নির্বাচিত হতে পারলে জেল খাল উদ্ধার করে তার দু’পাশে ওয়ার্কওয়ে নির্মাণ ও একটি ফ্লাইওভার নির্মাণসহ তার পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সাথে ১৮ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু অডিটরিয়াম নির্মাণ ও বেলতলা থেকে দপদপিয়া পর্যন্ত লিংক রোড তৈরিসহ সরকারের বরাদ্দকৃত ২০৮ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ নই। বিগত চারদলীয় জোটের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ বাসা-বাড়িতে থাকতে পারেনি। তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ আমলে সহঅবস্থানের মধ্য দিয়ে বিরোধী দলের সাথে যে সম্পর্কের সেতুবন্ধন তৈরি করেন তা বিএনপি দলীয় মেয়ররা ক্ষমতায় থাকলে করতেন কি না প্রশ্ন করেন হিরন। অতীতের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমা করে দিয়ে তাকে পুনরায় নির্বাচিত করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
বরিশাল ক্লাবের অমৃতলাল দে মিলনায়তনে সম্মিলিত নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, অগ্রণী ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার, কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম প্রমুখ।