সিলেট সিটি মেয়র নির্বাচন
আরিফুলকে সমর্থন খালেদা জিয়ার
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২২:৩৪
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে চূড়ান্তভাবে বিএনপির মেয়র প্রার্থী হিসাবে কেন্দ্রের সমর্থন পেলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী। দলের সমর্থন প্রত্যাশী প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর সাথে আপাতত তিনি যুদ্ধ জয়ী হয়েছেন। তবে সমর্থন বঞ্চিত ওই তিন নেতা ও তাদের সমর্থকরা নির্বাচনে আরিফের পক্ষে কতটুকু কাজ করবেন তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার গুলশানে নিজ কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সিলেটে দলের চার মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, আব্দুল কাইয়ুম জালালী পংকি, নাসিম হোসাইন ও সামসুজ্জামান জামানের সাথে দীর্ঘ বৈঠক শেষে আরিফুলকেই সমর্থন দেয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি তিনি ওই তিন প্রার্থীকেও আরিফের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। আর দলের সমর্থন নিয়ে সিলেটে ফিরেই আরিফ এবার ভোটের আসল লড়াইয়ে মুখোমুখি হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, সাবেক দুই বারের মেয়র ও একবারের পৌর চেয়ারম্যান বদর উদ্দিন আহমদ কামরানের। এবার মেয়র পদের জন্য কামরান ও আরিফের মধ্যেই হবে মূল লড়াই।
সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরই সিলেটে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য বিএনপিতে দেখা দেয় তুমুল প্রতিযোগিতা ও কোন্দল। অন্যদিকে আওয়ামী লীগ একক প্রার্থী হিসাবে সমর্থন দেয় বদর উদ্দিন আহমদ কামরানকে। মহাজোটের শরীক বাম দলগুলো প্রথমে বেঁকে বসলেও পরে তারাও আনুষ্ঠানিকভাবে কামরানকে সমর্থন দেয়। তাই নিজের ঘর গুছিয়ে বেশ আগেভাগেই নির্বাচনী মাঠে নামেন সদ্য পদত্যাগী মেয়র কামরান। অন্যদিকে বিএনপির চার প্রার্থীর মধ্যে শুরু হয় দলীয় সমর্থন আদায়ের প্রতিযোগিতা। কেন্দ্রে লবিংয়ের পাশাপাশি সিলেটে তারা নিজ নিজ পাল্লা ভারি করতে দলে নানা গ্রুপ-উপগ্রুপের সৃষ্টি করেন। এ অবস্থায় দলীয় মেয়র প্রার্থী চূড়ান্ত করতে গত সোমবার সিলেটে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি দুইদিন সিলেটে অবস্থান করে চার প্রার্থী আরিফুল হক চৌধুরী, আব্দুল কাইয়ুম জালালী পংকি, নাসিম হোসাইন ও সামসুজ্জামানের সাথে আলাদা আলাদাভাবে কথা বলে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন। আরিফুলের বিরুদ্ধে অপর তিন প্রার্থী একজোট হয়ে তাদের তিন জনের মধ্যে যেকোন একজনকে দলীয় সমর্থন দেয়ার দাবি জানান।
এরপর খোদ দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া চার প্রার্থীকে ঢাকায় তলব করেন। ডাক পেয়ে চার প্রার্থী গত বৃহস্পতিবার ঢাকায় গিয়ে নিজ নিজ পক্ষে দলের সমর্থন আদায়ে সর্বোচ্চ চেষ্টা চালান। তাদের অনড় মনোভাবের কারণে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের আগে বৃহস্পতিবার রাত ৮টা থেকে চার মেয়র প্রার্থীকে নিয়ে প্রথমে প্রায় দুই ঘন্টা বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ওই বৈঠকে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবনও উপস্থিত ছিলেন। বৈঠকে চার প্রার্থী নিজ নিজ বক্তব্য তুলে ধরেন এবং দলের সমর্থন দাবি করেন। এরপর রাত ১১টায় বেগম খালেদা জিয়া চার প্রার্থীকে নিয়ে বৈঠক করে আরিফুল হক চৌধুরীকেই সমর্থন দেয়ার কথা জানিয়ে দেন। পাশাপাশি আরিফুলের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও নির্দেশ দেন। এদিকে দলীয় সমর্থন বঞ্চিত তিন প্রার্থী ও তাদের সমর্থকরা এখন ক্ষোভে ফুঁসছেন। নির্বাচনে তারা কী ভূমিকা নেন তা এখন দেখার বিষয়।
এ ব্যাপারে দলীয় সমর্থন বঞ্চিত মেয়র প্রার্থী নাসিম হোসাইনের সাথে যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী দল তাকে সমর্থন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি দলের সকলকে নিয়ে কাজ করতে চাই। আশা করি সকলের সমর্থন-সহযোগিতা নিয়ে ভোটযুদ্ধে জয়ী হতে পারবো।