রাজশাহীতে কাউন্সিলর পদে ২৩৭ প্রার্থীর ১১২ জনই এসএসসি দেননি

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ২৩৭ প্রার্থীর মধ্যে ১১২ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির কম। এ সংখ্যা সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের ১৭০ প্রার্থীর ক্ষেত্রে ৭৫ এবং ৬৭ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর ক্ষেত্রে ৩৭ জন। নির্বাচন কমিশন প্রদত্ত হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, সাধারণ কাউন্সিলর প্রার্থীদের সর্বাধিক ৪৩ জন নিজেদের ‘স্বাক্ষর জ্ঞান’ বা ‘অক্ষর জ্ঞানসম্পন্ন’ বলে দাবি করেছেন। এছাড়া ১০ জন স্নাতকোত্তর, ২২ জন স্নাতক, ৩৪ জন এইচএসসি, ২৮ জন এসএসসি, ২০ জন অষ্টম শ্রেণি, ৫ জন নবম-দশম শ্রেণি, ২ জন ষষ্ঠ ও একজন ডিপ্লোমা ডিগ্রিধারী বলে দাবি করেছেন। অন্যদিকে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মধ্যে সর্বাধিক ২১ জন প্রদত্ত হলফনামায় নিজেদের ‘অষ্টম শ্রেণি’ বলে উল্লেখ করেছেন। এছাড়া ৩ জন স্নাতকোত্তর, ৩ জন স্নাতক, ১২ জন এইচএসসি, ১২ জন এসএসসি, ৫ জন নবম-দশম শ্রেণি, ১ জন স্বশিক্ষত ও ১০ জন স্বাক্ষর জ্ঞানসম্পন্ন বলে দাবি করেছেন। সূত্র মতে, ২০০৮ সালের নির্বাচনে ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী বিজয়ী হন। তাদের ১৫ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির কম। বিগত নির্বাচনে বিজয়ী এবারের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মাসুদা মল্লিক, কোহিনূর চৌধুরী অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন। তবে মুসলিমা বেগম ও রাজিয়া সুলতানা বিজলী প্রদত্ত হলফনামায় নিজেদের ‘স্বাক্ষর জ্ঞানসম্পন্ন’ উল্লেখ করেছেন। এছাড়া নতুন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১ নং জোনের প্রার্থী জেবুন নেসা, ২নং জোনে সেলিনা খাতুন, ৩নং জোনে সাহানারা বেগম, ৪নং জোনে পলি খাতুন ও শবনম আরা ময়না, ৬নং জোনে নূর বানু ও নাসিমা বেগম, ৯ নং জোনে লাইলী বেগম ও ১০ নং জোনে শামীমা বেগম নিজেদের ‘স্বাক্ষর জ্ঞানসম্পন্ন’ দাবি করেছেন। সাধারণ কাউন্সিলর পদে গতবারের বিজয়ী ও এবারের প্রার্থী ১ নম্বর ওয়ার্ডের মনসুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান বাবলু, ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদ, ১৪ নম্বর ওয়ার্ডের মো. টুটুল, ১৮ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ডের শাহাদত আলী শাহু, ২০ নম্বর ওয়ার্ডের মুস্তাক হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডের মখলেসুর রহমান খলিল, ২৫ নম্বর ওয়ার্ডের আকবর হোসেনের প্রদত্ত হলফনামায় নিজেদের ‘স্বাক্ষর জ্ঞানসম্পন্ন’ উল্লেখ করেছেন।