গাজীপুরে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

আগামী ৬ জুলাই নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণা ক্রমশ জমে উঠছে। গত দু’দিনের টানা বর্ষণে প্রার্থীদের প্রচারণা কার্যক্রম অনেকটা বিঘ্নিত হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ জুন। এরই মধ্যে বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র কেনার জন্য ভিড় করছেন জেলা নির্বাচন অফিসে। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান জানান, প্রার্থীদের মধ্যে যারা এখনো তাদের স্বস্ব এলাকায় সাঁটানো বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন অপসারণ করেননি তাদেরকে মনোনয়ন ফরম প্রদান করা হচ্ছে না। আর মনোনয়ন ফরম নিতে হলে প্রার্থীদের অঙ্গীকারনামা দিতে হবে যে তাদের এলাকা থেকে সেগুলো নিজ নিজ উদ্যোগে অপসারণ করা হয়েছে। এ শর্তের ভিত্তিতেই কেবল প্রার্থীদের মনোনয়ন পত্র সরবরাহ করা হবে। এদিকে মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য চারজন প্রার্থীর মধ্যে একক প্রার্থীকে সমর্থন দেয়ার ক্ষেত্রে শুক্রবার পর্যন্ত কোন ঐকমত্যে পৌঁছাতে পারেননি দলটি। তবে আগামী কয়েক দিনের মধ্যে একজন প্রার্থীকে দলীয়ভাবে সমর্থন দেয়া হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবার গাজীপুর সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী হয়ে দলীয় সমর্থন চাচ্ছেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিচালনায় অভিজ্ঞ ও সাংগঠনিকভাবে দক্ষতা থাকার সুবাদে তাকে দল সমর্থন দেবে বলে তার অনুসারি নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন। অন্যদিকে তরুণ রাজনৈতিক নেতা গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মোঃ জাহাঙ্গীর আলম মেয়র পদে নির্বাচনী এলাকার সর্বত্র ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর আগে তিনি সদর উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। আওয়ামী লীগের সদর থানা শাখার সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল ইতোপূর্বে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন দলের একাধিক প্রার্থী নির্বাচন করার কারণে। এবার তিনিও মেয়র প্রার্থী। এছাড়া গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া মেয়র পদে দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। অপরদিকে দলের স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয়ভাবে একক প্রার্থীকে সমর্থন দেবে এটা অনেকটাই নিশ্চিত। এ ক্ষেত্রে কে পাবেন দলীয় সমর্থন তা নিয়ে নেতাকর্মীদের মাঝে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। বিশেষত বিএনপির দুই জাতীয় নেতা সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান এবং সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার মেয়র পদে দলীয় মনোনয়ন লাভের জন্য কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন। তারা দু’জনই সকল প্রকার ভেদাভেদ ও মান অভিমান ভুলে একক প্রার্থী দেয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। অধ্যাপক এমএ মান্নান সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি একক প্রার্থী দিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবে। একই মনোভাব প্রকাশ করেছেন হাসান উদ্দিন সরকারও। নির্বাচনে এই দুই নেতার মধ্যে যে কোন একজন দলীয় সমর্থন পেলে অপরজন তার পক্ষেই কাজ করবেন এমন সুর তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। মেয়র পদে দলীয় সমর্থন পেতে আরেক প্রার্থী জেলা বিএনপি নেতা শওকত হোসেন সরকার দাবি করছেন দলের শীর্ষ পর্যায়ের এক নেতা তাকে সমর্থন দিয়েছেন। ঐ নেতার সমর্থন নিয়েই এলাকায় তিনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) কাজী মাহমুদ হাসান পিএসসি মেয়র পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি আজ শনিবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে নির্বাচনী প্রচারণায় আনুষ্ঠানিকভাবে নামবেন বলে জানা গেছে।