শ্রীমঙ্গলে চা নিলাম বাজার স্থাপনে দীর্ঘসূত্রতা
হুমায়ূন রশিদ চৌধুরী, সিলেট অফিস
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২২:৩৬
চায়ের নিলাম বাজার শ্রীমঙ্গলে স্থাপনের বিষয়টি দীর্ঘদিন থেকে ঝুলে আছে। ফলে এ বিষয়টি নিয়ে ভিতরে ভিতরে অসন্তোষ বিরাজ করছে। ইতিপূর্বে বেশ কয়েকবার সরকারের উচ্চপর্যায়ের একাধিক টিম চা-সমৃদ্ধ মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর করে এর সম্ভাব্যতা যাচাই করেছে। কিন্তু কোন কাজ হচ্ছে না। দীর্ঘকাল ধরে সিলেট থেকে উত্পাদিত চা চট্টগ্রামে পাঠানো হচ্ছে নিলামের জন্য। বাংলাদেশের চা এখন আর রপ্তানি হয় না। এমনকি বিদেশি ক্রেতাও আসে না নিলাম বাজারে। এদিকে দেশে চায়ের অভ্যন্তরীণ চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। এমতাবস্থায় চা বাগানগুলোর উত্পাদিত পণ্য নিলামের জন্য চট্টগ্রাম পাঠানোর যৌক্তিকতা নেই- এমনই মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল। তাদের দাবির প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ও শ্রীমঙ্গলে নতুন নিলাম বাজার স্থাপনে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে নাগাদ শ্রীমঙ্গলে নিলাম বাজার স্থাপিত হবে তা এখনও নিশ্চিত হয়নি। এ ব্যাপারে বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান ও টিবোর্ডের মেম্বার মো. সাফওয়ান চৌধুরী ইত্তেফাককে বলেন, শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র হলে ক্রেতা-বিক্রেতা উভয়পক্ষই লাভবান হবে। পরিবহন খরচ বাঁচবে।
অপরদিকে সর্বশেষ গতবছরের শেষদিকে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল সফরকালে এখানে চা নিলাম কেন্দ্র স্থাপনের আশ্বাস দিলে সিলেটবাসী আশ্বস্ত হন। কিন্তু এরই মধ্যে পাঁচ মাস অতিবাহিত হয়ে যায়। এ পরিস্থিতিতে অনেকেই আবার হতাশা ব্যক্ত করেন।