কেরানীগঞ্জের সদরঘাট টার্মিনালে চার ভুয়া আনসার গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২২:৩৬
কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর সদরঘাট টার্মিনাল এলাকায় গত বৃহস্পতিবার রাতে একটি লঞ্চ থেকে চার ভুয়া আনসারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল মোঃ হবুল মিয়া, মোঃ রতন মিয়া, মোঃ সুজন মিয়া ও মোঃ এনামুল হক।
আনসার বাহিনীর মনিটরিং শাখার সহকারী এডজুটেন্ট জানান, একটি চক্র আনসারের ইউনিফর্ম ব্যবহার করে বেশ কিছুদিন যাবত সদরঘাট টার্মিনাল এলাকায় বিভিন্ন লঞ্চে চাকরির নামে বিভিন্ন পর্যায়ের অনৈতিক সুবিধা ভোগ করে আসছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সদরঘাট টার্মিনাল এলাকায় এমভি লোপা নামে একটি লঞ্চে অভিযান চালিয়ে এই চারজনকে আটক করা হয়। পরে তাদেরকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
এব্যাপারে আনসার বাহিনীর মনিটরিং শাখার সহকারী এডজুটেন্ট মোঃ রমিজ উদ্দিন বাদি হয়ে দক্ষিণ কেরানীঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। দক্ষিণ কেরানীঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক জানান, গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।