অ্যামনেস্টির প্রতিবেদন নিরপেক্ষ নয় : নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বৃহস্পতিবার প্রকাশিত লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদন প্রসঙ্গে বলেছেন, আপনারা নিরপেক্ষতার কথা বললেও আপনাদের প্রতিবেদনটি নিরপেক্ষ নয়। কারণ কিভাবে জামায়াত-শিবির ও হেফাজত তাণ্ডব চালিয়ে পুলিশ, আওয়ামী লীগ নেতা-কর্মী হত্যা করলো, সংখ্যালঘুদের বাড়ি-ঘর পোড়ানো এবং তাদের মন্দির ভাংচুরের কথা এ প্রতিবেদনে নেই। গতকাল শুক্রবার দুপুরে শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন, বিএনপি-জামায়াতের দেশদ্রোহী কর্মকাণ্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, সংলাপের কথা বলতে না বলতেই হরতালের ডাক দেয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপির কথার সঙ্গে কাজের কোন মিল নেই। এ কারণে তাদের কোনভাবেই বিশ্বাস করা যায় না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সংলাপ আয়োজনের আহ্বানকে দলটির ‘চৈতন্য উদয়’ মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, তবে সংসদের বাইরে আলোচনার কোনো সুযোগ নেই। সংসদেই সব বিষয়ে ওপেন (উন্মুক্ত) আলোচনা হবে। আলোচনা যা করার সংসদেই করতে হবে। তবে তা শর্তহীনভাবে হতে হবে। বাইরে আলোচনার কোন সুযোগ আর নেই। কারণ বাইরে আলোচনার পরিবেশ খালেদা জিয়া ও তার দল বিএনপি নষ্ট করেছে। বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দাবি প্রসঙ্গে নাসিম বলেন, জাতীয় নির্বাচনের সময় গঠিত অন্তর্বর্তীকালিন সরকার প্রধান হবেন নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিয়ে কোনো আলোচনা হবে না। আলোচনা হবে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে। সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হক, কবি রবীন্দ্র গোপ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান, জি. এম আতিক, আব্দুল হাই কানু, শেখ নওশের আলী প্রমুখ।