জুলাইয়ের শেষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন
সৈয়দ আবদুল ওয়াজেদ, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২২:৩৮
চট্টগ্রাম মহানগরী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে। এর আগে মহানগরী আওয়ামী লীগের নেতৃত্বাধীন সকল ইউনিট, নগরী ৪১টি ওয়ার্ড ও থানা শাখাগুলোর সম্মেলন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় পর্যায়ের নির্দেশে আওয়ামী লীগের ভেতর গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করার লক্ষ্যে সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটিগুলো গঠন করা হবে।
দারুল ফজল মার্কেটে গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত মহানগরী আওয়ামী লীগের বর্ধিত সভায় উল্লেখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। বর্ধিত এ সভায় মহানগর আওয়ামী লীগের আওতাধীন সকল ইউনিট, ১২টি থানা ও ৪১টি ওয়ার্ড শাখার অধিকাংশ সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমিন বলেন, মহানগরী আওয়ামী লীগে আজ ঐক্য চাই। সেই ঐক্যকে সমুন্নত করতে মহানগরী আওয়ামী লীগের সকল ইউনিট, ওয়ার্ড ও থানাসমূহে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করতে হবে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম সুজন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সময় থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের মধ্যে অভ্যন্তরীণ বিষয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ফলে গত কয়েক বছর সাংগঠনিক কাজে গ্রুপিং লক্ষ্য করা যায়। কেন্দ্রীয় পর্যায়ের নির্দেশে এই গ্রুপিং দূর করার দায়িত্ব পালন করেন প্রয়াত সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু। তার মৃত্যুর পর বিবাদ নিরসনে স্থানীয় উদ্যোগ ব্যাহত হয়। সম্প্রতি সকল বিবাদ মিটিয়ে সকল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংগঠনিক তত্পরতাকে জোরদার করার নির্দেশ আসে। এরই লক্ষ্যে মহানগর আওয়ামী লীগের সম্মেলনসহ সকল শাখার সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।