হরতাল সফল করতে জামায়াতের আহ্বান
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২২:৩৯
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ১৮ দলের ঘোষিত আগামীকাল রবিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ষড়যন্ত্র করছে। মিছিল, মিটিং, সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ, সংবাদপত্র ও গণমাধ্যম বন্ধ করে অঘোষিতভাবে সরকার দেশে জরুরি অবস্থা জারি করেছে। তিনি আরও বলেন, মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার আজ ভুলুণ্ঠিত। বিরোধী দলের নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করে কারাগারে আটক রাখা হচ্ছে। দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মানুষদের ৫ মে’র শান্তিপূর্ণ সমাবেশে গণহত্যা চালিয়ে তা ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সরকার মিথ্যা প্রচারণা চালাচ্ছে।বিবৃতিতে তিনি বলেন, হেফাজতের কারাবন্দি মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীর জবানবন্দির কথা বলে সংবাদ মাধ্যমে জামায়াত ও ১৮ দলীয় জোটকে জড়িয়ে সংবাদ প্রকাশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি সফল করার জন্য সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, আইনজীবী, ব্যবসায়ী, আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও শ্রমজীবী সম্প্রদায়সহ সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি