জাতীয় কবির জন্মজয়ন্তী আজ
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২২:৪০
সুরের নেশায় মত্ত, অসুরের বিরুদ্ধে সদা জাগ্রত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ ১১ জ্যৈষ্ঠ তাঁর ১১৪ তম জন্মজয়ন্তী। বিশ শতকে উপমহাদেশ কাঁপানো বাঙালির এই প্রিয় কবি জন্মেছিলেন, ১৩০৬ সালের (১৮৯৯, ২৪ মে) ১১ জ্যৈষ্ঠ ব্রিটিশ-ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে।
জাতি আজ অপরিমেয় শ্রদ্ধা আর ভালোবাসায় দ্রোহী-সাম্য-মানবতা-প্রেম ও জাগরণের এই কবিকে স্মরণ করবে। কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে ১১৪ তম নজরুল-জয়ন্তী উদযাপন। ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধি ভরে উঠবে অগণিত মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে।
নজরুল জয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। সরকারি-বেসরকারি পর্যায়ে রয়েছে বিভিন্ন কর্মসূচি। নজরুল স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার দৌলতপুর ও চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে নজরুল জয়ন্তী।
পরাধীনতার শৃঙ্খল ভাঙার ব্রত নিয়ে যুদ্ধফেরত নজরুল ইসলাম অস্ত্র ফেলে হাতে তুলে নিয়েছিলেন কলম। দুই ধরনের লড়াই তিনি চালিয়ে গেছেন দুঃসাহসী সৈনিকের মতো। তার সাহিত্য চর্চা এই দুই লক্ষ্যকে কেন্দ্রে রেখেই আবর্তিত হয়েছে। স্বাধীনতা ছিল কবি নজরুল ইসলামের মূল লক্ষ্য।
কাজী নজরুল ইসলামের বাবা কাজী ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম। শৈশব থেকে অর্থনৈতিক অভাব-অনটনের মধ্য দিয়ে তিনি বেড়ে ওঠেন। ছিলেন লেটো দলের বাদক, রেল গার্ডের খানসামা, রুটির দোকানের শ্রমিক। কৈশোর পেরোনোর আগেই তিনি উপলব্ধি করেছিলেন জীবনের রূঢ় বাস্তবতা।
বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন তত্কালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির বাকি জীবন বাংলাদেশেই কাটে। ১৯৭৪ সালে ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট উপাধিতে ভূষিত করে। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবিকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বাংলা একাডেমী, নজরুল একাডেমী, নজরুল ইন্সটিটিউট, শিল্পকলা একাডেমী, নজরুল সঙ্গীত শিল্পী সমন্বয় পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নজরুল জয়ন্তী উদযাপন করবে। বিটিভিসহ দেশের বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশন দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠান সম্প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করছে বিশেষ সংখ্যা।