১০ লক্ষাধিক মানুষের মানবেতর জীবন যাপন

তিন দিনের টানা বর্ষণে ডিএনডির অভ্যন্তরে অবস্থানরত ১০ লক্ষাধিক মানুষ মানবেতর জীবন-যাপন করছে। গতকাল শুক্রবার ডিএনডি এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ বাড়িঘরে পানি প্রবেশ করায় রান্না বন্ধ রয়েছে। ফলে অনেকেই অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। কেউবা বাহির থেকে খাবার কিনে এনে ঘরের ভিতর মাচা বেঁধে তার উপর বসে পরিবার-পরিজন নিয়ে খাচ্ছে। খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পচা দুর্গন্ধময় পানির কারণে বিভিন্ন রোগ দেখা দিয়েছে। এদিকে তিন দিনের বর্ষণে ডিএনডির অভ্যন্তরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে পানি ঢুকে অন্তত শত কোটি টাকা ক্ষতি হয়েছে বলে বিভিন্ন মিল কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দাবি করেছেন। শুধু দাপা এলাকায় জালাল আহমেদ স্পিনিং মিল ও শাহ ফতেহ উল্লাহ টেক্সটাইল মিলে মেশিনপত্র, তুলা ও তৈরি সুতার ক্ষতি হয়েছে দশ কোটি টাকারও বেশি। ড্রেনের পানি উপচে বর্তমানে এ মিল দুটিতে দুই-তিন ফুট পানি জমেছে। পঞ্চবটি মসজিদ মার্কেটের নিচে অবস্থিত দোকানপাটের কয়েক কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে। এছাড়া পাগলার কুতুবপুর এলাকায় অবস্থিত পঁচিশ-ত্রিশটি মিল কারখানায় পানি প্রবেশ করে মালামাল নষ্ট হয়ে গেছে। ডিএনডির অভ্যন্তরে শতাধিক মিল কারখানা ছাড়াও কয়েক হাজার ছোট-বড় দোকানপাট রয়েছে, যা বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবারও ডিএনডির অভ্যন্তরে ২/৩ ফুটের উপর পানি দেখা গেছে। ডিএনডি প্রকল্পটি ১৯৬৮ সালে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত ফসল উত্পাদনের লক্ষ্যে ২৩৩ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করা হয়। ঢাকা জেলার ডেমরা ও শ্যামপুর থানা এবং নারায়ণগঞ্জ সদর উপজেলায় ডিএনডি প্রকল্পের অবস্থান। কিন্তু প্রকল্পটি ঢাকা মহানগরীর উপকণ্ঠে হওয়ার কারণে প্রকল্প এলাকায় অপরিকল্পিতভাবে নগরায়ণ ঘটায় সেচ প্রকল্পটি বর্তমানে আবাসিক ও শিল্প এলাকায় পরিণত হয়েছে। ডিএনডি সেচ প্রকল্পের খালগুলো বর্তমানে ডিএনডি আবাসিক এলাকার পানি নিষ্কাশনের জন্য ব্যবহূত হচ্ছে। কিন্তু অপরিকল্পিতভাবে মিল কারখানা, বাড়িঘর গড়ে উঠায় পানি নিষ্কাশন খালগুলো অবৈধভাবে দখল করে রাখার ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাড়িঘর, মিল কারখানায় প্রবেশ করে পানি। গত ৩ বছর আগে ডিএনডির জলাবদ্ধতা নিরসনে ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) বাঁধের ভেতরে ২৩৮ কোটি ৩৮ লাখ ১৬ হাজার টাকার একটি প্রকল্প সরকার গ্রহণ করলেও সেটা আলোর মুখ দেখেনি। ফলে এখানে অল্প বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। ডিএনডি বাঁধ এলাকার ফতুল্লার তল্লা, সবুজবাগ, দাপা, রামারবাগ, সস্তাপুর, গাবতলা, কায়েমপুর, চাঁদমারী, ইসলামবাগ, ইসদাইর, গাবতলী, সিদ্ধিরগঞ্জের গোদনাইল, চৌধুরীবাড়ি, এনায়েতনগর, জালকুড়ি, ভুঁইগড়সহ নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ডিএনডি বাঁধের ভেতরের অবস্থা আরো ভয়াবহ। বাঁধের প্রায় ৫৪ বর্গ কিলোমিটারের ভেতরে প্রচুর পানি জমে আছে। পানিবন্দি লোকজন তাদের আসবাবপত্র উঁচু স্থানে তুলে রেখেছে। এদিকে গত কয়েকদিনের টানা বর্ষণে ডিএনডি বাঁধের অভ্যন্তরে বিভিন্ন নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। সদর উপজেলার ফতুল্ল¬ার রামারবাগ, সস্তাপুর, কায়েমপুর, চাঁনমারী, ইসলামবাগ, শহীদনগর, মাসদাইর, ইসদাইর, গাবতলী, এনায়েতনগর, তল্ল¬া, চাঁদমারী, কুতুবপুর, পাগলা, দেলপাড়া, আলীগঞ্জ, দাপা, পিলকুনি, ভুঁইগড়, রঘুনাথপুর, কুতুবআইল, নয়াআটি, লামাপাড়া, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি, গোদনাইল, ধনকুণ্ডা, জালকুড়ি, তালতলা, মধুগড়, নয়াপাড়া, কদমতলী, মিজমিজি, বাতানপাড়া, পাইনাদী, পাইনাদী নতুন মহল্ল¬া, হিরাঝিল, ধনুহাজী রোড, কান্দাপাড়া, সাহেবপাড়া, সানারপাড়, নিমাইকাশারী, বাঘমারা ও মৌচাক-এর কয়েক লাখ মানুষ জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া ডিএনডি বাঁধের অভ্যন্তরে ডেমরার কুতুবখালী, রায়েরবাগ, মাতুয়াইল, মৃধাবাড়ি, আমতলা, মাইজগাঁও, কোনাপাড়া, ডগাইর, দেইল্লা, টেংরা, হাজীনগর, রসুলনগর, সারুলিয়া, বকসনগর, শ্যামপুরের দনিয়া, তুষারধারা, গিরিধারা, শান্তিধারা, মেরাজনগর, গোবিন্দপুর, রসুলপুর, নিশ্চিন্তপুর, দৌলতপুর, মুন্সীবাগ, আদর্শনগর এলাকার নিম্ন্নাঞ্চলেও পানি জমেছে।