কারাবন্দীদের ডিএনএ প্রোফাইল ও ক্রাইমসিন সংগ্রহ করা হচ্ছে
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২২:৪৪
অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে অপরাধ তদন্ত করার জন্য বন্দী শনাক্তকরণ আইন-১৯২০ সংশোধন করা হচ্ছে। বন্দীর ছবি, হাত ও পায়ের ছাপ, উচ্চতা নির্ধারণ ছাড়াও ডিএনএ প্রোফাইল সংগ্রহের জন্য এই আইন সংশোধন করা হচ্ছে। ডিএনএ প্রোফাইল সংগ্রহের পাশাপাশি ক্রাইমসিনের (অপরাধসূত্র) সঙ্গে যুক্ত এমন তথ্যও সংগ্রহ করার নিয়ম থাকছে। ১৯২০ সালের বন্দী আইন সংশোধন করার জন্য পুলিশ সদর দফতরের পরিকল্পনা ও গবেষণা শাখার ভারপ্রাপ্ত সহকারী মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ার্দার স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংশোধনের প্রস্তাব যাচাই বাছাই করে তা আইন মন্ত্রণালয়ে পাঠাবে বলে জানা গেছে।
বন্দী শনাক্তকরণ আইন-১৯২০ অনুয়ায়ী, একজন বন্দীর ছবি এবং হাত ও পায়ের ছাপ সংগ্রহ করতে হবে। এক বছর বা ততোধিক সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত বন্দীদের ক্ষেত্রে বন্দী শনাক্তকরণ আইন প্রযোজ্য হবে। এই আইন অনুযায়ী পুলিশ কারাগারে দাগী ও চিহ্নিত সন্ত্রাসীদের ছবি এবং হাতের আঙ্গুল ও পায়ের ছাপ সংরক্ষণ করে।
পুলিশ সদর দফতরের পরিকল্পনা ও গবেষণা শাখার একজন কর্মকর্তা জানান, বর্তমানে অপরাধের মাত্রা ও ধরন এতটাই পাল্টে গেছে যে, কারাগারে বন্দী সন্ত্রাসীদের ডিএনএ প্রোফাইল সংগ্রহ করা প্রয়োজন। বন্দীদের ক্রাইমসিন (অপরাধসূত্র) সংগ্রহ করতে পারলে, পরবর্তীতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে অপরাধের তদন্ত করতে সহায়ক হবে বলে ঐ কর্মকর্তা জানান।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ইতোমধ্যে দেশের ৬৭টি কারাগারের বন্দীদের চোখের ছবি, আঙ্গুল, পা ও রক্তের ছাপ সংগ্রহ শুরু করেছে। বন্দীদের ডিএনএ প্রোফাইল ও ক্রাইমসিন সংগ্রহ শুরু করেছে। অপরাধের ধরন অনুযায়ী এসব তথ্য শ্রেণী বিন্যাস করা হচ্ছে। জঙ্গি, খুনী, চাঁদাবাজ, ছিনতাইকারী, নারী ও শিশু পাচারকারী, প্রতারক, সাইবার ক্রাইমে জড়িত ব্যক্তি, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও আদম ব্যবসায়ীসহ প্রায় ১৫টি ক্যাটাগরিতে অপরাধী শনাক্ত করা হচ্ছে। ইতোমধ্যে ৩০ হাজার বন্দীর কাছ থেকে এসব তথ্য সংরক্ষিত হয়েছে। একজন বন্দী কারাগারে আসার পর তার আঙ্গুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) নেয়া হচ্ছে। ভয়ঙ্কর সন্ত্রাসী বা অপরাধীর ক্ষেত্রে তার শরীর থেকে এক ফোঁটা রক্ত সংগ্রহ করা হচ্ছে। এই রক্ত মূলত ডিএনএ টেস্টে ব্যবহার করা হবে। পাচারকারীদের ক্ষেত্রে তাদের আইবল (চোখের কর্ণিয়ার ছবি) নেয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে এই তিন পদ্ধতি যে কোন একজন বন্দীর ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে। র্যাব সদর দফতরের একজন শীর্ষ কর্মকর্তা জানান, একজন অপরাধীর এসব তথ্য জিএসএম (গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন) সিস্টেমে সংরক্ষণ করা হবে। এর জন্য লুমিডিজম রিল্যাইয়েবল ভেনাস ফিঙ্গার সেন্সর প্রোগ্রাম ব্যবহার করা হচ্ছে। একজন অপরাধীর সম্পর্কে তথ্য দিলে পূর্ববর্তী এ ধরনের তথ্য আছে কিনা সে ব্যাপারে ডাটাবেজের মাধ্যমে তথ্য জানা যাবে।
র্যাব গোয়েন্দা ইউনিটের পরিচালক লে. কর্নেল জিয়াউল আহসান বলেন, কারাগারে সাজা ভোগ শেষে বের হওয়ার পর অনেকেই আবারও অপরাধ কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়ছে। সে ক্ষেত্রে বন্দীদের ক্রাইমসিন ও ডিএনএ প্রোফাইল দিয়ে ঐসব অপরাধীদের শনাক্ত করা সম্ভব।