আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২২:৪৯
আগামীকাল রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিরোধী দলের আটক সব নেতাকর্মীর মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে এবং সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ ঘোষণা দেন।
দুদু বলেন, এদেশের ৯০ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়। আমরা সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান চাই। আমাদের নেত্রী বার বার বলে আসছেন সংলাপের কথা। আমরা অপেক্ষায় আছি সরকার কি করে। সরকার যদি সোজা পথে না হাঁটে তার সমাধান রাজপথেই হবে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টাদের সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে দুদু বলেন, তাঁর ভাব-ভঙ্গিতে মনে হয়েছে তিনি তাদের নিয়ে উপহাস করেছেন। কিন্তু আমি প্রধানমন্ত্রীকে দক্ষ ও বুদ্ধিমতী মনে করি। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি এ ধরনের কথা বললে আমরা লজ্জা পাই। আপনি কি ভুলে গেছেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য দিনের পর দিন হরতাল অবরোধ করেছিলেন।
‘তারেক প্রধানমন্ত্রী হবেন’
তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম যে সমালোচনা করেছেন তার প্রতিবাদে দুদু বলেন, ভেবেচিন্তে কথা বলুন। আপনি যার সম্পর্কে কথা বলছেন, তিনি খুব শিগগিরই বাংলাদেশে আসবেন। এসে নির্বাচন করবেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীও হবেন। তার সম্পর্কে বলতে হলে ভেবে বলুন।
সাংবাদিক সম্মেলনে দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।