ভুয়া প্রশ্নপত্র দিয়ে কোটি টাকা হাতিয়ে নিল জালিয়াত চক্র
প্রকাশ : ২৪ মে ২০১৩, ২২:৫১
৩৪তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে প্রশ্ন ফাঁস করেছে এমন দাবি করে পরিক্ষার্থীদের কাছ থেকে কয়েকটি চক্র হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। গত বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দফায় দফায় ভুয়া প্রশ্নপত্রের সেট প্রকাশ করে তা প্রচার করে জালিয়াত চক্রগুলো। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকাগুলোতে। প্রার্থীদের কাছে ‘ফাঁসকৃত প্রশ্নপত্রের’ প্রতিটি সেট বিক্রি হয় ১০ থেকে ৬০ হাজার টাকায়। সরকার দলীয় ছাত্র সংগঠনের কয়েকজন নেতাও এ চক্রের সাথে জড়িত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস, শাহবাগ থানা পুলিশ এবং কয়েকটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরী বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার সংবাদটি শুধুই গুজব। কোনো প্রশ্ন ফাঁস হয়নি। ফাঁস হয়েছে এমন দাবি করে কেউ হয়তো আর্থিকভাবে লাভবান হতে চেয়েছেন। তাদের ফাদে লোভী প্রার্থীরা পা দিয়ে থাকতে পারে। এর দায়-দায়িত্ব পিএসসি’র নয়। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারে।
সংশ্লিষ্টদের দেয়া তথ্য এবং সরেজমিন ঘুরে জানা যায়, প্রশ্নপত্র ফাঁসের চেষ্টায় থাকা চক্রগুলো এবার ভিন্ন ধরনের কৌশল গ্রহণ করেছিল। বৃহস্পতিবার দুপুর থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও নীলক্ষেতসহ আশপাশের এলাকায় অন্তত চার দফায় পৃথক সেটের ‘ফাঁসকৃত প্রশ্নপত্র’ বিক্রি হয়। সবগুলো সেটই হাতে লেখা অনুলিপি। বৃহস্পতিবার বিকালে ৭০০ প্রশ্ন সম্বলিত একগুচ্ছ প্রশ্নপত্র বেচা-কিনি ও নিকটস্থদের মধ্যে বন্টন করে জালিয়াতরা। এরপর সন্ধ্যায় প্রায় তিনশ’ প্রশ্ন সম্বলিত একগুচ্ছ প্রশ্নপত্র বাজারে আনা হয়। রাত ১১টার পর ২৮পৃষ্ঠা সম্বলিত একগুচ্ছ প্রশ্নপত্র ২০ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি শুরু হয়। রাত ২টা পর্যন্ত এ প্রশ্নপত্র বিক্রি করেই জালিয়াত চক্র কয়েক কোটি হাতিয়ে নিয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। এরইমধ্যে খবর রটে রাত তিনটার পর বিসিএস পরীক্ষার মূল প্রশ্নপত্রের ১০০ প্রশ্নের অনুলিপি নিশ্চিতভাবে পাওয়া যাবে। ছাত্রলীগের কয়েকজন সাবেক ও বর্তমান নেতাদের কাছ থেকে এ সংবাদ প্রচার শুরু হয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান কয়েকজন নেতা। অবশেষে রাত ৪টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও ঢাকা মেডিক্যাল কলেজ এলাকায় ঐ ১০০ প্রশ্নের সেট নিয়ে আসে আগন্তকরা। সেখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও নীলক্ষেতসহ পার্শ্ববর্তী এলাকায় ফাঁসকৃত প্রশ্নপত্র ছড়িয়ে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই প্রশ্ন ফাঁসের গুজব-অভিযোগ পাচ্ছিলাম। তাই সারারাতই আমরা সতর্ক থাকি ও বিভিন্ন স্থানে অভিযান-টহল পরিচালনা করি। ৩০০ প্রশ্ন সম্বলিত একটি ভুয়া প্রশ্নপত্র পেয়েছি। এর সাথে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের মিল নেই।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে বেশ কয়েক জায়গায় অভিযান পরিচালনা করেছি। তবে কোনো সত্যতা পাওয়া যায়নি। কাউকে আটকও করা যায়নি।