শ্রমিক নামধারী একটি চক্রের ইন্ধনেই আশুলিয়ায় বিক্ষোভ

শ্রমিক নামধারী একটি চক্রের ইন্ধনে আশুলিয়ায় পোশাক কারখানায় বিক্ষোভ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওই চক্রে রয়েছে শ্রমিক নামধারী কতিপয় স্বার্থান্বেষী ও সুযোগসন্ধানী ব্যক্তি। তারা এই শিল্পাঞ্চলের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় শ্রমিক বেশে নামমাত্র কাজ করে ও সময়-সুযোগ মতো বিক্ষোভে অংশ নেয় বলে অভিযোগ করেছেন কয়েকজন পোশাক শিল্প মালিক ও উদ্যোক্তা। শুধু বেতন-ভাতার জন্য শ্রমিকরা আন্দোলন করছে একথা মানতে তারা নারাজ। আশুলিয়া শিল্পাঞ্চলে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলে এই তথ্যের সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত ২৮ এপ্রিলের পর আশুলিয়া শিল্পাঞ্চল অস্থিতিশীল হয়ে উঠে। প্রতিদিনই সেখানে নানা অজুহাতে শ্রমিক বিক্ষোভের মুখে কোন না কোন কারখানা বন্ধ থাকছে। জানা গেছে, ওই অঞ্চলের কারখানাগুলো উদ্যোক্তাদের নিজস্ব ভবনের মধ্যেই অবস্থিত। এরা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ক্রেতাদের কাছে পোশাক সরবরাহ করে থাকে। অন্য যে কোন অঞ্চলের চেয়ে এখানকার শ্রমিকদের বেতন ভালো। সুযোগ-সুবিধাও বেশি। তাই এসব কারখানার শ্রমিকদের বিক্ষোভ করার কথা নয়। মালিকদের একটি পক্ষ জানিয়েছে, আশুলিয়ার সব বড় বড় কারখানায় ওই চক্রটির ২৫ থেকে ৩০ জন শ্রমিক হিসাবে কর্মরত। তারা কোনদিনও কাজ করে না। সকালে যথাসময়ে হাজিরা দিয়ে তারা বের হয়ে যায়। এরপর শিল্প এলাকার বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে শুরু করে বিক্ষোভ। মালিকরা দাবি করেন, চক্রটিকে তারা ভালোভাবেই চেনেন। সরকারের বিভিন্ন এজেন্সির কাছেও তাদের বিষয়ে তথ্য রয়েছে। তবে আরো অস্থিতিশীলতা সৃষ্টির ভয়ে মালিকরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পান না বলে জানান। এছাড়া ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ করেও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ হচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন উদ্যোক্তা। তিনি জানান, একটি কারখানায় কি পরিমাণ উদ্বৃত্ত কাপড় রয়েছে তা ওই চক্রটি খবর রাখে। বাজার যাচাই করে কারখানার ঝুট বিক্রি করা কোনদিনই সম্ভব হয় না। বাজার যাচাই করতে গেলে সংশ্লিষ্ট কারখানার শ্রমিকদের নানা অজুহাতে উস্কে দেয়া হয়। নির্দিষ্ট একজনের কাছে ঝুট বিক্রি করা হয় বছরের পর বছর। অন্য কাউকে ঝুট দিতে গেলেই বিপত্তি। এই উদ্যোক্তা আরো জানান, বছরখানেক আগে একজন ঝুট ব্যবসায়ী তার কারখানায় ঝুট কিনতে আসে। আগের মাসে যে পরিমাণ ঝুট ছিলো পরের মাসে তা কমে যাওয়ায় তাকে চড়া মূল্য দিতে হয়েছে। আগের মাসের সাথে হিসাব মিলিয়ে দেয়ার জন্য তাকে থান কাপড় কেটে ওই ঝুট ব্যবসায়ীর কাছে বিক্রি করতে হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার আশুলিয়ার অনন্ত অ্যাপরেলস এর সামনে নাশকতার অভিযোগে দুই তথাকথিত শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। থানা সূত্র জানায়, একটি ছোট শ্রমিক সভায়ক কথা বলার সময় তাদের গ্রেফতার করা হয়। চারজন শ্রমিক নিখোঁজ রয়েছে-এমন গুজব ছড়ানোর দায়িত্ব ছিলো ওই দুজনের ওপর। প্রসঙ্গত, আশুলিয়া শিল্পাঞ্চলে (সাভারসহ) মোট ৪৭০টি পোশাক শিল্প কারখানা রয়েছে। অধিকাংশই মাঝারি এবং বড় আকারের কারখানা। মোট রপ্তানির ২০ শতাংশেরও বেশি পোশাক রপ্তানি করে থাকে এসব কারখানা। একজন উদ্যোক্তা জানান, সব কারখানা শ্রমিকদের সমান সুযোগ সুবিধা দিতে পারে না। অনেকে হাজিরা বোনাস দিচ্ছেন। ওভারটাইম দিচ্ছেন। তারপরও শ্রমিক বিক্ষোভের ঘটনা তাদের ভাবিয়ে তুলছে। তিনি জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জন্য দায়ী করে মেহেদী নামের এক শ্রমিককে গ্রেফতার করা হয়। বেশ কিছুদিন তার কর্মকাণ্ড পর্যবেক্ষণের পর তাকে আটক করা হলে শ্রমিক অসন্তোষ থেমে যায়। তার ধারণা এবারও এরকম কোন শক্তি সেরকম কাজ করছে। সরকারের উচিত এ শক্তির উত্স খুঁজে বের করা। বিষয়টির সত্যতা স্বীকার করে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি ও রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুস সালাম মুর্শেদি ইত্তেফাককে বলেন, আশুলিয়ার শ্রমিকরা দেশের যে কোন এলাকার কারখানা থেকে বেশি বেতন ও সুযোগ-সুবিধা পেয়ে থাকে। যারা অস্থিতিশীলতার সাথে জড়িত তাদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে তিনি আশংকা প্রকাশ করেন।