গল্প নয় সত্যি

ছাতা

ধারণা করা হয়ে থাকে যে ছাতা আবিষ্কৃত হয়েছিল আজ থেকে প্রায় চার হাজার বছর আগে। যদিও ঠিক কোথায় এবং কারা প্রথম ছাতা আবিষ্কার করেছিল এ নিয়ে বিতর্ক রয়েছে। বিশ্বের প্রথম ছাতার দোকান জেমস স্মিথ অ্যান্ড সন্স চালু হয় ১৮৩০ সালে এবং এই দোকান লন্ডনের ৫৩ নিউ অক্সফোর্ড স্ট্রিটে আজও চালু আছে। ছাতা প্রথমে ব্যবহার হতো সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য। তবে বৃষ্টি প্রতিরোধ করার জন্য প্রথম ছাতার ব্যবহার শুরু করে চীনারা। ছাতা আবিষ্কারের কাহিনি অনেক পুরনো হলেও অষ্টাদশ শতক পর্যন্ত ছাতার আকৃতি ছিল অনেক বড় এবং এর ওজনও ছিল বেশি। ১৮৫২ সালে স্যামুয়েল ফক্স স্টিলের চিকন রড দিয়ে রানি ভিক্টোরিয়ার জন্য ছাতা তৈরি করেন। ইংল্যান্ডে বিশেষ করে লন্ডনে প্রচুর বৃষ্টি হতো। এজন্য ব্রিটেনে ছাতার চল যেমন বেশি ছিল তেমনি বিশ্বের অনেক দেশ ব্রিটিশদের ঔপনিবেশিক বিস্তার থাকায় তারা বিভিন্ন দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে অনেক কম খরচে ছাতা তৈরি করতে পারত। সে সময় তারা সোনা, রুপা, চামড়া, বিভিন্ন প্রাণীর শিং, বেত ও হাতির দাঁত দ্বারা ছাতার হাতল তৈরি করত। ১৭১৫ সালে মারিয়াস নামে এক পারস্যের নাগরিক পকেট ছাতা আবিষ্কারের কৃতিত্ব দাবি করেন। এরপর উনিশ শতকে ছাতাকে বিভিন্ন ডিজাইনের এবং সহজে বহনযোগ্য করা হয়। ১৮৫২ সালে গেজ নামে একজন প্যারিস নাগরিক স্বয়ংক্রিয় সুইসের সাহায্যে ছাতা খোলার পদ্ধতি আবিষ্কার করেন। ১৯২০ সালে জার্মানির বার্লিন শহরের হ্যানস হাপট নামে এক ব্যক্তি ছাতা তৈরিতে অভিনব পরিবর্তন আনেন। তিনি ছোট সাইজের সহজে পকেটে বহনযোগ্য ছাতা তৈরি করে। ১৯৩৬ সালে লর্ড ও লেডি নামে এই ছাতা জার্মান নাগরিকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ১৯৫০ সালের দিকে জার্মানির নিরিপস কোম্পানির ছাতায় ডিজাইন ও আকার ভ্রমণকারীদের মধ্যে খুব সমাদৃত হয়েছিল। পরবর্তী সময়ে ১৯৬০ সালে পলিয়েস্টার কাপড়ের ছাতা পৃথিবীজুড়ে ব্যাপক হৈচৈ ফেলে দিয়েছিল। উপহার হিসেবেও ছাতা এ সময় খুবই সমাদৃত হতে থাকে। বিশ শতকের শেষের দিকে ছাতার আরেক ধরনের পরিবর্তন আসে। এক সময় ছাতার রঙ কালো থাকলেও এখন বাহারি রঙের ছাতা তৈরি হচ্ছে। ছাতার কাপড়, রঙ, সাইজ ও ডিজাইনেও এসেছে অনেক ধরনের পরিবর্তন।